শীতলক্ষ্যার তীর দখল করে ফের বালুর ব্যবসা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাঁচপুর সেতুর পশ্চিম পাড়ে পায়ে হাঁটার পথ (ওয়াকওয়ে) দখল করে আবারও অবৈধভাবে বালু ও পাথরের ব্যবসা শুরু হয়েছে।
স্থানীয় কয়েকজন বলেন, শীতলক্ষ্যা নদী থেকে বালু ও পাথর ওঠানোর জন্য ওয়াকওয়ের দেয়াল ভেঙে জেটি ও কাঠের সিঁড়ি নির্মাণ করে মালামাল আনা-নেওয়া করছেন অন্তত ৫০ জন ব্যবসায়ী ও তাঁদের লোকজন। নদীর তীরে সবুজ বেষ্টনী গড়ে তোলার জন্য লাগানো গাছ নষ্ট করে বালু ও পাথর স্তূপ করে রাখা হচ্ছে। এতে বালু ও পাথরের নুড়ি পড়ে ভরাট হচ্ছে নদীর তলদেশ।
বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম পরিচালক কে এম আরিফ উদ্দিন বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৯ সালের জুনে উচ্চ আদালত রাজধানীর চারপাশের বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু ও তুরাগ নদ-নদী রক্ষার্থে উভয় পাড়ে ওয়াকওয়ে নির্মাণের নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় কয়েক বছরে শীতলক্ষ্যার তীরের নারায়ণগঞ্জ অংশে ৪৪ কোটি টাকা ব্যয়ে সাড়ে সাত কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ ও বনায়ন করা হয়। জেলা প্রশাসন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), গণপূর্ত অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান এ কাজ করে। নদীপথে মালামাল ওঠানো-নামানোর জন্য সিদ্ধিরগঞ্জের আটি এলাকায় নদীর তীরে কাঁচপুর ল্যান্ডিং স্টেশন নির্মাণ করা হয়। কিন্তু এই নির্ধারিত স্থান ছাড়াও কয়েক মাস ধরে ওয়াকওয়ের কাঁচপুর সেতুর পশ্চিম পাশে তাজ জুট মিল এলাকা থেকে ডেমরার করিম জুট মিল পর্যন্ত বালু ও পাথরের ব্যবসা করা হচ্ছে। ওয়াকওয়ের রেলিং ভেঙে ও ওয়াকওয়ে দখল করে সেখানে এখন ওই ব্যবসা চালানো হচ্ছে।
স্থানীয় লোকজন জানিয়েছেন, শীতলক্ষ্যা নদীর কাঁচপুর পশ্চিম পাড়ে ওই অংশে প্রায় ৫০ জন ব্যবসায়ী বালু ও পাথরের ব্যবসা করছেন। ওই ব্যবসায়ীরা ওয়াকওয়ে ভেঙে মালামাল ওঠানামা করাচ্ছেন। পাশাপাশি তাঁরা নিজেদের প্রয়োজনমতো রাস্তা তৈরি করে বনায়নের জন্য নির্ধারিত খালি জায়গায় পাথর ও বালু রেখে বিক্রি করছেন। এসব ব্যবসায়ী বনায়নের অনেক গাছ ইতিমধ্যে তুলে ফেলে দিয়েছেন। কাঁচপুর সেতুর উত্তরে প্রায় দেড় কিলোমিটার এলাকায় কাঠের তৈরি প্রায় ৫০টি ঘাট এবং ৫০টিরও বেশি পাথর-বালুর গদি গড়ে উঠেছে।
নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, অবৈধ দখলদারেরা শীতলক্ষ্যার তীরে ওয়াকওয়ের পাশে অবৈধভাবে বালু, পাথরসহ বিভিন্ন ব্যবসা করে আসছেন। বিআইডব্লিউটিএসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উচিত দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো।