শীতলক্ষ্যার পাড়ে অবৈধ ডকইয়ার্ড উচ্ছেদে বাধা
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনগঞ্জে গতকাল বৃহস্পতিবার শীতলক্ষ্যা নদীর পূর্ব পাড়ের দুটি অনুমোদনহীন ডকইয়ার্ড উচ্ছেদ করতে যায় বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দর কর্তৃপক্ষ। তবে দখলদারদের বাধায় স্থাপনা উচ্ছেদ করতে পারেনি তারা।
বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম পরিচালক আরিফ উদ্দিন ও সহকারী পরিচালক রেজাউল করিম রেজার নেতৃত্বে একটি এক্সকাভেটর (খননযন্ত্র) নিয়ে উচ্ছেদকর্মীরা ঘটনাস্থলে যান।
বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, শীতলক্ষ্যা নদীর পূর্ব পাড়ে ‘আলিনা’ ও ‘আল্লাহর দান’ নামে দুটি ডকইয়ার্ড দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়াই চলছিল। সম্প্রতি ওই জায়গাটি সরকারিভাবে ড্রেজার তৈরির জন্য কর্ণফুলী ডকইয়ার্ডকে বরাদ্দ দেওয়া হয়। আলিনা ডকইয়ার্ডের মালিক মাহফুজ ও আল্লাহর দান ডকইয়ার্ডের মালিক জহির মুন্সিকে জায়গা খালি করে দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়। কিন্তু দখলদারেরা তা আমলে নেয়নি। গতকাল সকালে উচ্ছেদ অভিযানে গেলে দখলদারদের পক্ষে বহিরাগত নারী-পুরুষেরা এতে বাধা দেয়। পরে বন্দর থানার পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর বন্দর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সানাউল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের দিয়ে ডকইয়ার্ড দুটির মালিকের সঙ্গে বৈঠক করা হয়। বৈঠকে মালিক জহির মুন্সি কিছুদিন সময় প্রার্থনা করেন। এরপর সভায় সিদ্ধান্ত হয়, দখলদারেরা নিজ উদ্যোগে তাদের স্থাপনা সরিয়ে নেবে।