শীতলক্ষ্যায় শিশুর লাশ পরিবারের দাবি হত্যা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার দুই দিন পর গতকাল শনিবার শীতলক্ষ্যা নদী থেকে তৌহিদ হোসেন (৭) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির পরিবারের দাবি, পরিকল্পিতভাবে হত্যার পর লাশ নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে।
এলাকাবাসীর বরাত দিয়ে রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) তানভীর হোসেন বলেন, গত বৃহস্পতিবার সকালে উপজেলার নোয়াপাড়া এলাকার কবির হোসেনের ছেলে স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী তৌহিদ হোসেন বাড়ি থেকে বন্ধুদের সঙ্গে খেলতে বের হয়। এরপর সে আর বাড়ি ফেরেনি। এ ঘটনায় পরদিন শুক্রবার সকালে কবির হোসেন রূপগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। গতকাল দুপুরে চনপাড়া বস্তি এলাকার পাশে শীতলক্ষ্যা নদীতে এক শিশুর লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ খবর পেয়ে পরিবারের লোকজন গিয়ে লাশটি তৌহিদ হোসেনের বলে শনাক্ত করেন। মৃত্যুর কারণ সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তৌহিদ হোসেনের চাচা মতিন মিয়া বলেন, এক বছর আগে তাঁর বড় ভাই কাদির হোসেনের মেয়ে কারিমাকে একই এলাকার আনোয়ার মিস্ত্রির ছেলে কাউসারের সঙ্গে বিয়ে দেন। বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির লোকজন কারিমাকে নির্যাতন করছেন। এ নিয়ে তাঁদের পরিবারের সঙ্গে আনোয়ার মিস্ত্রির পরিবারের দ্বন্দ্ব চলছে। দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি চারটি মামলাও হয়েছে। এর জের ধরে আনোয়ার মিস্ত্রিসহ পরিবারের লোকজন পরিকল্পিতভাবে তাঁর ভাতিজাকে (তৌহিদ হোসেন) শ্বাসরোধে হত্যার পর নদীতে ভাসিয়ে দিয়েছেন বলে তিনি দাবি করেন।