শীর্ষ সন্ত্রাসীদের মুঠোফোন ব্যবহারের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ আজম। ২০০৩ সালের ৬ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আটক আছেন। অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরী হত্যা ও আট ছাত্রলীগ নেতা খুনের মামলায় ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত তিনি। নগরের পাঁচলাইশ ও বন্দর থানার দুই অস্ত্র মামলায় তাঁর বিরুদ্ধে বিচার চলছে। গত ছয় মাসে তাঁর কাছ থেকে তিনটি মুঠোফোন উদ্ধার করেছে কারা কর্তৃপক্ষ। সর্বশেষ ৭ নভেম্বর তাঁর কাছ থেকে আরেকটি মুঠোফোন উদ্ধার করা হয়।
এ ঘটনায় শাস্তিমূলক হিসেবে তাঁকে দুই দিন পর চট্টগ্রাম কারাগার থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। একই অভিযোগে তাঁর সঙ্গে আরও তিন শীর্ষ সন্ত্রাসীকে পাঠিয়ে দেওয়া হয়।
শুধু সন্ত্রাসী ফাঁসির আসামি আজম নন, কারাগারে আটক বেশির ভাগ শীর্ষ সন্ত্রাসীর মুঠোফোন ব্যবহার করার অভিযোগ উঠেছে। অবৈধভাবে মুঠোফোন ব্যবহার করে তারা আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। একশ্রেণির কারারক্ষী, আদালতে হাজিরা দিয়ে ফেরার সময় এবং কারাগারের সীমানাদেয়ালের ওপর দিয়ে মুঠোফোনগুলো প্রবেশ করছে বলে ধারণা কারা কর্তৃপক্ষের।
জানতে চাইলে চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপ-মহাকারাপরিদর্শক অসীম কান্ত পাল বুধবার দুপুরে তাঁর কার্যালয়ে প্রথম আলোকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়ার পর চট্টগ্রাম কারাগারের ফাঁসির সেলে তল্লাশি অভিযান চালিয়ে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামি আজমের ব্যাগ থেকে একটি মুঠোফোন উদ্ধার করি। পরে অন্য ওয়ার্ডে অভিযান চালিয়ে তিনটি মুঠোফোন উদ্ধার করে কারা কতৃর্পক্ষ। এই ঘটনার পর কারাগারে মুঠোফোন প্রবেশের কারণগুলো চিহ্নিত করে কারা গোয়েন্দাদের তৎপরতা ও তল্লাশি অভিযান বাড়ানো হয়েছে।’
অসীম কান্ত পাল আরও বলেন, কোনো ওয়ার্ডে মুঠোফোন পাওয়া গেলে দায়িত্বরত কারারক্ষী ও কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
কারা সূত্রে জানা গেছে, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে চার হাজার ৫০০ বন্দী রয়েছেন। এর মধ্যে কারাগারের তালিকা অনুযায়ী ৩০ দুর্ধর্ষ বন্দী রয়েছেন। তাঁদের মধ্যে ৩৬ মামলার আসামি শিবির ক্যাডার নাছির উদ্দিন চৌধুরী, শীর্ষ সন্ত্রাসী সরোয়ার হোসেন ও ম্যক্সন, দীপক দত্ত ভোলা, বিধান বড়ুয়া, শামীম, সোহেল, মাসুদ, রেজোয়ান, হাত-কাটা জাহাঙ্গীর, জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেমবি) চট্টগ্রাম বিভাগের সামরিক কমান্ডার জাবেদ ইকবাল ওরফে মোহাম্মদ, শাহাদাত আলী ও আইয়ুব আলী রয়েছেন। দুর্ধর্ষ বন্দীরা বিচারাধীন মামলায় হাজিরা দিতে কারাগার থেকে আদালতে আসেন। এ সময় তাঁরা কৌশলে মুঠোফোন কারাগারে নিয়ে যান। এ ছাড়া কিছু কারারক্ষীর মাধ্যমে এবং কারাগারের সীমানাদেয়ালের ওপর দিয়ে বাইরে থেকে মুঠোফোন প্রবেশ করছে। মোটা অঙ্কের টাকার বিনিময়ে ম্যানেজ করে শীর্ষ সন্ত্রাসীরা মুঠোফোন প্রবেশ করাচ্ছে। দীর্ঘদিন এ অভিযোগ উঠলেও হাতেনাতে প্রমাণ না পাওয়ায় কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়নি।
৭ নভেম্বর কারাগারের ফাঁসির সেলে উপ-মহাকারাপরিদর্শক অসীম কান্ত পাল তল্লাশি অভিযান চালিয়ে আজমের কাছ থেকে একটি মুঠোফোন উদ্ধার করেন। তাঁর সঙ্গে একই সেলে ছিলেন অধ্যক্ষ গোপাল মুহুরী, আট ছাত্রলীগ নেতার খুনের মামলায় ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত শীর্ষ সন্ত্রাসী বাইট্টা আলমগীর, মুহুরী হত্যায় ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত শিবির ক্যাডার তছলিম উদ্দিন মন্টু ও মামুন হত্যা মামলায় ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত রতন শিকদার। তাঁরা তিনজনও মুঠোফোন ব্যবহার করতেন বলে কারা কর্তৃপক্ষের কাছে তথ্য ছিল। কিন্তু তল্লাশি চলাকালে ওই তিনজনের মুঠোফোন উদ্ধার করা যায়নি। পরে শাস্তিমূলক হিসেবে আজম, তছলিম উদ্দিন, বাইট্টা আলমগীর ও রতন শিকদারকে কুমিল্লা কারাগারে স্থানান্তর করা হয়।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. ছগির মিয়া প্রথম আলোকে বলেন, ‘মামলার হাজিরা দিতে গেলে কিছু দুর্ধর্ষ বন্দী মাঝেমধ্যে কৌশলে মুঠোফোন নিয়ে আসতে পারেন। কারা গোয়েন্দাদের কাছ থেকে তথ্য পাওয়ার পরপরই তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়ে থাকে। এখনো কয়েকজন বন্দী মুঠোফোন ব্যবহার করার তথ্য রয়েছে। আশা করি তাঁদের কাছ থেকেও উদ্ধার করা যাবে। আবার ওই তথ্য ভুলও হতে পারে।’
কারাগারে মুঠোফোন ব্যবহারের অভিযোগ রয়েছে শীর্ষ সন্ত্রাসী নাছিরের বিরুদ্ধেও। নগরের পাঁচলাইশ থানার একটি হত্যা মামলায় গত বুধবার আদালতে হাজিরা দিতে আসেন তিনি। জানতে চাইলে নাছির প্রথম আলোকে বলেন, ‘আমার কাছে এখন কিছুই নাই।’