শুঁটকিতে মেশানো হচ্ছিল কাপড়ের রং!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের আসাদগঞ্জের শুঁটকিপট্টিতে অভিযান চালিয়ে গতকাল দেড় হাজার কেজি শুঁটকি জব্দ করেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত l ছবি: প্রথম আলো
চট্টগ্রাম নগরের আসাদগঞ্জের শুঁটকিপট্টিতে অভিযান চালিয়ে গতকাল দেড় হাজার কেজি শুঁটকি জব্দ করেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত l ছবি: প্রথম আলো

কাপড়ের রং দিয়ে শুঁটকি প্রক্রিয়াজাতকরণ করার দায়ে চট্টগ্রাম নগরের চারটি শুঁটকির আড়তকে মোট ৩ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ওই আড়তগুলোর চার কর্মচারীকেও আট মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। চার আড়ত থেকে জব্দ করা হয়েছে দেড় হাজার কেজি শুঁটকি।

গতকাল মঙ্গলবার নগরের আসাদগঞ্জে শুঁটকিপল্লিতে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরাফাত হোসেন। অভিযানে সহায়তা করেন জেলা মৎস্য কার্যালয়ের কর্মকর্তা মো. কামাল উদ্দিন।

জেলা প্রশাসন কার্যালয় সূত্র জানায়, অভিযানে বার আউলিয়া ট্রেডার্স, মেসার্স হাসেম সওদাগর ও মেসার্স সুনীল কান্তি বড়ুয়া এই তিন আড়তকে ৮০ হাজার টাকা করে মোট ২ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই তিন আড়তের কর্মচারী রিপন বড়ুয়া, মো. হারুন ও সুব্রত বড়ুয়াকে আট মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া মেসার্স শাহী ট্রেডার্স নামের আরেকটি আড়তকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই আড়তের কর্মচারী মো. হেলাল উদ্দিনকেও আট মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরাফাত হোসেন বলেন, অভিযানে কোনো আড়তের মালিককেই পাওয়া যায়নি। মানবদেহের জন্য ক্ষতিকর পদার্থ মেশানো ও নোংরা পরিবেশে প্রক্রিয়াজাতকরণের সময় হাতেনাতে ধরা পড়েন চার কর্মচারী। এ কারণে তাদের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া আড়তগুলোকে জরিমানা করা হয়েছে। জব্দ করা শুঁটকি ধ্বংস করা হবে।