শুধু আইসক্রিমের জন্য ...
রাজধানীর মিরপুরের সেনপাড়া-পর্বতা এলাকায় গতকাল শনিবার সাদনান সামি (১৬) নামে এক কিশোরের ঝুলন্ত লাশ পাওয়া গেছে।
পুলিশের ধারণা, বাবা-মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে ওই কিশোর। সাদনান মিরপুরের স্কলাস্টিকা স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। তার বাবার নাম জিয়াউল হক, তিনি একটি ওষুধ কোম্পানির কর্মকর্তা। তাদের গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলার ভেড়ামারায়। সেনপাড়া-পর্বতা এলাকায় তাদের বাসা।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মো. শামীম প্রথম আলোকে বলেন, গত শুক্রবার বিকেলে বাবা-মায়ের সঙ্গে বেড়াতে গিয়ে আইসক্রিম খেতে চায় সাদনান। তার বাবা আইসক্রিম কিনে দেওয়ার পর সে রাস্তায় দাঁড়িয়ে সেটি খেতে চায়। কিন্তু সাদনানের বাবা আইসক্রিম খেতে নিষেধ করেন। বাসায় এসে খেতে গিয়ে ছেলেটি দেখে তার আইসক্রিম গলে গেছে। এ নিয়ে বাবা-মায়ের সঙ্গে ঝগড়া শুরু করে সাদনান। রাতে খাবার খেয়ে নিজের কক্ষে ঘুমাতে যায়। সকালে ডাকাডাকির পরও দরজা খোলেনি সাদনান। এ সময় দরজা খুলে ওই কক্ষের একটি রিংয়ের সঙ্গে গামছা দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা সাদনানকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ছেলের বাবা একটি অপমৃত্যুর মামলা করেছেন।