শুনানির অপেক্ষায় দুই বছর বন্ধ বিচারকাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী পৌরভার মেয়র ও আওয়ামী লীগের নেতা লোকমান হোসেনের হত্যাকাণ্ডের পর তিন বছর পেরিয়ে গেল। কিন্তু এই হত্যা মামলার বিচারকাজ এগোচ্ছে না। পুলিশের দেওয়া অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি দিয়ে উচ্চ আদালতে নিহত ব্যক্তির পরিবারের করা রিট পিটিশনে আটকে গেছে বিচারকাজ। বাদীপক্ষের অভিযোগ, বিচার-প্রক্রিয়া নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। এ জন্যই মামলার এজাহারভুক্ত প্রায় সবাইকে বাদ দিয়ে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
বাদীপক্ষের আইনজীবী আসাদ আলী গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘আমরা পুলিশের দেওয়া প্রহসনের অভিযোগপত্র বাতিল ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মাধ্যমে পুনঃতদন্তের জন্য উচ্চ আদালতে রিট পিটিশন দাখিল করেছি। পিটিশন শুনানির অপেক্ষায় রয়েছে।’
পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১ নভেম্বর লোকমানকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। ওই ঘটনায় নিহত ব্যক্তির ভাই কামরুজ্জামান বাদী হয়ে তৎকালীন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদের ছোট ভাই সালাহউদ্দিন আহমেদকে প্রধান আসামি করে ১৪ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। এর মধ্যে এক আসামি মোবারক হোসেন বিদেশে পলাতক। বাকি ১৩ জনের সবাই গ্রেপ্তার হলেও পরে জামিনে বেরিয়ে যান। পুলিশ প্রায় আট মাস তদন্ত করে ২০১২ সালের ২৪ জুন সালাহউদ্দিনসহ এজাহারভুক্ত ১১ আসামিকে বাদ দিয়ে অভিযোগপত্র দেয়।
পুলিশের দেওয়া ওই অভিযোগপত্রে আশরাফুলকে হত্যার পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করা হয়। কিন্তু এই অভিযোগপত্রের প্রতি অনাস্থা জানিয়ে ২০১২ সালের ২৪ জুলাই নরসিংদীর মুখ্য বিচারিক হাকিম আদালতে নারাজি দেন মামলার বাদী কামরুজ্জামান। আদালত ২৫ জুলাই নারাজি আবেদন খারিজ করে অভিযোগপত্র বহাল রাখেন। পরবর্তী সময়ে ২৮ আগস্ট নারাজি আবেদন খারিজের বিরুদ্ধে জেলা ও দায়রা জজ আদালতে আপিল করেন বাদী। আদালত ২ সেপ্টেম্বর সেই আবেদন গ্রহণ করে ৪ নভেম্বর শুনানি শেষে ফের নারাজি আবেদন খারিজ করেন। এরপর ওই বছরের নভেম্বরে উচ্চ আদালতে যান বাদী। উচ্চ আদালত পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিম্ন আদালতে বিচারকাজ স্থগিত করেন। এর পর থেকেই আটকে আছে এই বিচারকাজ।
লোকমানের ছোট ভাই ও নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামানের অভিযোগ, ‘আমরা যাদের আসামি করেছিলাম, তাদের প্রায় সবাইকে পুলিশ অভিযোগপত্র থেকে বাদ দিয়েছে। সে কারণেই আমরা উচ্চ আদালতে গেছি।’
তিন দিনের কর্মসূচি: লোকমান হোসেনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে লোকমান সংগ্রাম পরিষদ। এর মধ্যে আজ শনিবার সকালে পৌর কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ, কালো ব্যাজ ধারণ, আলোচনা সভা, গণভোজ।