শুভেচ্ছা বিলবোর্ডে সৌন্দর্য ঢাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুভেচ্ছার বিলবোর্ডে ঢাকা পড়েছে বরিশাল নগরের বিবিরপুকুরের সৌন্দর্য। গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো
শুভেচ্ছার বিলবোর্ডে ঢাকা পড়েছে বরিশাল নগরের বিবিরপুকুরের সৌন্দর্য। গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো

শুভেচ্ছার বিলবোর্ডে ঢাকা পড়েছে নগরের সৌন্দর্য। সব বিনোদনের স্থানের অধিকাংশ দখলে রয়েছে আওয়ামী লীগের নেতা-কর্মীদের। তবে পিছিয়ে নেই বিএনপিও। বিনোদনের স্থান ঢাকা পড়ায় সমস্যায় পড়েছেন নাগরিকেরা। ঈদ ও পূজা উপলক্ষে ওই সব শুভেচ্ছা বিলবোর্ড টাঙানো হয়।
সরেজমিনে দেখা গেছে, বিনোদনের স্থান বিবিরপুকুর, অশ্বিনীকুমার হল, রাজাবাহাদুর সড়ক, নৌবন্দর, জেলখানার মোড়, নথুল্লাবাদ বাসস্ট্যান্ড ও রূপাতলী বাসস্ট্যান্ডের গুরুত্বপূর্ণ স্থান শুভেচ্ছা বিলবোর্ডে ঢাকা রয়েছে। অধিকাংশ স্থান দখল করে স্থাপন করা হয়েছে জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ আবুল হাসানাত আবদুল্লাহর বড় ছেলে কেন্দ্রীয় যুবলীগের সদস্য সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর বিলবোর্ড। দ্বিতীয় অবস্থানে আছে বরিশাল-৫ সদর আসনের সাংসদ জেবুন্নেছা আফরোজ হিরণ। বাকিগুলো মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ার এবং বর্তমান মেয়র সাবেক জেলা বিএনপির সভাপতি আহসান হাবিব কামালের।
নাগরিকদের অভিযোগ, ঈদ, পূজা এবং নানা পর্বের সময় আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীরা সর্বত্র বিলবোর্ড স্থাপনের প্রতিযোগিতায় নেমে পড়েন। আর এসব স্থাপন করা হয় নগর সৌন্দর্য স্থাপনা ঢেকে। উৎসব শেষ হলেও বিলবোর্ড থাকে মাসের পর মাস। এগুলো অপসারণে বরিশাল সিটি করপোরেশনও কোনো উদ্যোগ নেয় না।
বরিশাল সচেতন নাগরিক কমিটির সভাপতি এম মোয়াজ্জেম হোসেন প্রথম আলোকে বলেন, ‘বর্তমানে রাজনীতি হয়ে গেছে বিলবোর্ড-কেন্দ্রিক। কে কত বেশি বিলবোর্ডের স্থাপন করতে পারে তার প্রতিযোগিতা চলছে। সিটি করপোরেশন থেকে ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু তারা তো কোনো উদ্যোগ নিচ্ছে না। রাজনৈতিক দল ও তাদের নেতাদের কাছে অনুরোধ জানাব তারা যেন ক্ষমতার আবরণে আমাদের ঐতিহ্যকে ঢেকে না দেয়।’
প্রতিদিন বিবিরপুকুর পাড়ে এসে দাঁড়ানো দর্শনার্থী আসিক রহমান অভিযোগ করে বলেন, নগরের মধ্যে সৌন্দর্য দেখার মতো ছিল বিবিরপুকুর ও তার ফোয়ারা। চারদিকে বিলবোর্ড স্থাপন করায় এখন আর সেখানে দেখার সুযোগও থাকল না।
বরিশালের ২৭টি সংগঠনের জোট বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি শান্তি দাস বলেন, ‘বিনোদনের স্থান খুবই কম। যেটুকু আছে তাও দখল করে বিলবোর্ড স্থাপন করা হয়েছে। রাজনৈতিক দলের নেতারা জনগণের বিষয়টি বোঝেন না। সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মসূচি পালনের একমাত্র স্থাপনা অশ্বিনীকুমার হলটিও বিভিন্ন সময় বিলবোর্ডে অবরুদ্ধ থাকে। শিগগির মেয়রের সঙ্গে দেখা করে অশ্বিনীকুমার হল, বিবিরপুকুরসহ সৌন্দর্য রক্ষার অনুরোধ জানাব।’
নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের একটি অংশ জানায়, মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত সাংসদ শওকত হোসেন হিরণ মেয়র থাকাকালীন নগরের সৌন্দর্য নষ্ট করে বিলবোর্ড স্থাপন করতে পারেনি। পর্ব উপলক্ষে কিছু বিলবোর্ড স্থাপন করা হলেও অনুষ্ঠানের পর তা খুলে নেওয়া হতো। বর্তমানে বিলবোর্ড স্থাপন হলে আর তা খুলে নেওয়া হয় না।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নিখিল চন্দ্র দাস বলেন, রাজনৈতিক দলের নেতা-কর্মীরা শুভেচ্ছা বিলবোর্ড স্থাপন করায় অনেক সময় কিছু বলা সম্ভব হয় না। তার পরও সিটি করপোরেশনের পক্ষ থেকে বিলবোর্ড সরিয়ে নেওয়ার জন্য দু-এক দিনের মধ্যে মাইকিং করা হবে। এর পরও ওই সব বিলবোর্ড সরিয়ে না নিলে করপোরেশনের পক্ষ থেকে অপসারণ করা হবে।