শুরুতে গুরুত্ব দেয়নি পুলিশ

নববর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারীদের লাঞ্ছিত করার ঘটনার শুরুতে কোনো গুরুত্ব দেয়নি পুলিশ। গণমাধ্যমের চাপে ঘটনার দুদিন পর মামলা হলেও নির্যাতনের ঘটনা ‘অতটা ভয়াবহ নয়’ বলে দাবি করছে তারা। এ নিয়ে লোক দেখানো দুটি তদন্ত কমিটি করা হলেও অপরাধীদের শনাক্ত করা হয়নি। এখন অপরাধীদের ছবি গণমাধ্যমে প্রকাশ করার উদ্যোগ নিচ্ছে পুলিশ।
পরিচয় প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, নববর্ষ উপলক্ষে রমনা চত্বর, সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব সড়ক ও উদ্যানে পুলিশের ১৩১টি ক্যামেরা বসানো ছিল। নিয়ন্ত্রণ কক্ষ থেকে সব ক্যামেরার ছবি স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। কিন্তু নারী নির্যাতনের ঘটনার ছবি দেখেও তাৎক্ষণিকভাবে কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। এমনকি অভিযোগ জানানোর পরও পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ থেকে মাঠে দায়িত্বরত সদস্যদের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। অথচ একজন পদস্থ কর্মকর্তা নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বে ছিলেন। নিয়ন্ত্রণ কক্ষ থেকে সার্বিক পরিস্থিতি মহানগর পুলিশ কমিশনারকে সময়-সময় জানানোও হয়।
নারীদের লাঞ্ছিত করার ঘটনায় শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফুল আলমকে গত বুধবার প্রত্যাহার করা হয়। ঘটনার সময় আশরাফুল ওই এলাকায় দায়িত্বরত ছিলেন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, ছাত্র ইউনিয়নের ছেলেরা নাকি এক যৌন নিপীড়ককে ধরে আশরাফুলের কাছে সোপর্দ করেছেন। কিন্তু আশরাফুল বলছেন, এমন কাউকে তাঁর কাছে দেওয়া হয়নি। এ ব্যাপারে তদন্ত হচ্ছে।
তদন্ত কমিটির প্রধান ইব্রাহিম ফাতেমী গতকাল প্রথম আলোকে বলেন, কমিটির সদস্যরা গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাঁরা প্রক্টর আমজাদ আলীসহ কয়েকজন শিক্ষক, ছাত্র, চা দোকানি ও ফুটপাতের ভাসমান লোকজনের সঙ্গে কথা বলেছেন। ঘটনার প্রত্যক্ষদর্শী ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি লিটন নন্দিসহ ছয়-সাতজনের সঙ্গে কথা বলেন।