শুল্ক কর্মকর্তা, ব্যাংকার ও সাবেক সিভিল সার্জন গ্রেপ্তার
দুর্নীতির আলাদা মামলায় শুল্ক কর্মকর্তা, ব্যাংকার ও সাবেক একজন সিভিল সার্জনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল রোববার এবং গত শনিবার তাঁদের গ্রেপ্তার করা হয়। দুদকের প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
দুদক সূত্র জানায়, ১ কোটি ৪৭ লাখ ২৯ হাজার ৮৬১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ১ কোটি ৩১ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে গত বছরের এপ্রিলে যশোরের অভয়নগর থানায় করা মামলায় গ্রেপ্তার হয়েছেন নওগাঁ কাস্টমস অফিসের সুপার এম এম জাহাঙ্গীর আলম। রোববার দুপুরে নওগাঁ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
চুয়াডাঙ্গার সাবেক সিভিল সার্জন মো. নাজমুল হকের বিরুদ্ধে ২০১৪ সালের ১৫ ডিসেম্বর চুয়াডাঙ্গা থানায় মামলা হয়। মিথ্যা ভাউচার দেখিয়ে ২২ লাখ ৮০ হাজার টাকার সরকারি ওষুধ আত্মসাতের অভিযোগ আনা হয় তাঁর বিরুদ্ধে। সিলেটের কানাইঘাট থেকে তাঁকে শনিবার রাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যাংকার হলেন সোনালী ব্যাংক বাগেরহাট শাখার কর্মকর্তা (ক্যাশ) জাহাঙ্গীর হোসেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি ব্যাংকের ওই শাখা থেকে ৪ কোটি ৪৯ লাখ ২৮ হাজার ৪৫৩ টাকা আত্মসাৎ করেন। এ অভিযোগে ২০১৫ সালের ১ অক্টোবর বাগেরহাট থানায় মামলা করে দুদক।