যশোরের বেনাপোলে একজন শুল্ক কর্মকর্তা এবং বরিশালে এক কলেজশিক্ষক ও একটি সংগঠনের সভাপতিকে পিটিয়েছেন ছাত্রলীগের নেতারা। বরিশালে দুটি ঘটনারই নেপথ্যে রয়েছেন একই ব্যক্তি। বরিশাল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তিনি।
প্রথম ঘটনায় বেনাপোল বন্দরে বিক্ষোভ-মিছিল করেছেন শুল্ক বিভাগের ক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় সাময়িকভাবে বন্দরে পণ্য খালাস কার্যক্রম বন্ধ হয়ে যায়।
ছাত্রলীগের একদল নেতা-কর্মীর হাতে বেনাপোল স্থলবন্দরে গতকাল বুধবার মারধরের শিকার হন কাস্টমস (শুল্ক) হাউসের যুগ্ম কমিশনার মোস্তাফিজুর রহমান। যশোরের শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকুল হোসেনের নেতৃত্বে দুপুরে ১৫ থেকে ২০ জন এ হামলা চালান। মারধরের ঘটনায় মোস্তাফিজুর রহমান বাদী হয়ে বেনাপোল বন্দর থানায় একটি মামলা করেছেন। মামলার এজাহারের সঙ্গে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরায় ধারণ করা ভিডিও দৃশ্য জমা দিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।
ঘটনা প্রসঙ্গে স্থলবন্দরের সহকারী কমিশনার মোহাম্মদ নুরুল বাসির প্রথম আলোকে বলেন, ২৩ ফেব্রুয়ারি বন্দরের বেশ কিছু পণ্যের নিলাম আছে। সেই নিলাম-সংক্রান্ত বিষয়ে যুগ্ম কমিশনার মোস্তাফিজুর রহমানের সঙ্গে কথা বলতে আসেন কিছু যুবক। কিন্তু যুবকেরা বিধিবহির্ভূত কথা বললে মোস্তাফিজ প্রতিবাদ করেন। এ সময় তাঁরা ক্ষিপ্ত হয়ে তাঁকে মারধর শুরু করেন। কাস্টমসের কর্মকর্তা-কর্মচারীরা এগিয়ে গিয়ে তাঁকে উদ্ধার করেন।
বেনাপোল কাস্টমস কমিশনার এ এস এম আবদুল্লাহ খান বলেন, ‘ছাত্রলীগের ১৫-২০ জন কাস্টমস হাউসে ঢুকে মোস্তাফিজুর রহমানকে মারধর করেন। এ ঘটনায় মামলা করা হয়েছে। জেলা প্রশাসক ও পুলিশ সুপার এসে হামলাকারীদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন। তাঁদের কাছেও ধারণকৃত ভিডিও ফুটেজ দেওয়া হয়েছে।’
ঘটনার ব্যাপারে জানতে অভিযুক্ত আকুল হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তবে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, ‘আমরা ২০১৪ সালে কাস্টমস হাউস থেকে ৩৯টি মোটরসাইকেল নিলাম দরপত্রের মাধ্যমে কিনেছিলাম। সেগুলোর নিবন্ধনের জন্য বিআরটিএ কার্যালয়ে আবেদন করা হয়। বিআরটিএ কাস্টমস হাউসের কাগজপত্র চেয়ে পাঠায়। ওই কাগজের জন্য ছাত্রলীগের নেতা আকুলসহ কয়েকজন মোস্তাফিজুর রহমানের কার্যালয়ে গেলে তিনি দুর্ব্যবহার করেন। পরে ধাক্কাধাক্কি হয়।’
তবে মোটরসাইকেলের কাগজপত্র চাওয়ার বিষয়টি সঠিক নয় এবং এ-সংক্রান্ত বিষয় মোস্তাফিজুর রহমান দেখেন না বলে জানান বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার বজলুর রশীদ।
হামলার প্রতিবাদে কাজকর্ম বন্ধ করে কর্মকর্তা-কর্মচারীরা শুল্ক ভবনের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। বিকেলে জেলা প্রশাসক হুমায়ুন কবীর ও পুলিশ সুপার আনিসুর রহমান ঘটনাস্থলে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেন।
বন্দরের সহকারী কমিশনার মোহাম্মদ নুরুল বাসির জানান, ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের ধরার বিষয়ে জেলা প্রশাসকের প্রতিশ্রুতি পেয়ে কর্মকর্তা-কর্মচারীরা আবার কাজ শুরু করেছেন। হামলার ঘটনাটিতে মামলা দায়ের ও ভিডিও ফুটেজ পাওয়ার বিষয় নিশ্চিত করেন বন্দর থানার ওসি অপূর্ব হাসান।
শিক্ষকসহ আরও দুজনকে মারধর: বরিশাল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আল মামুনের নেতৃত্বে গতকাল কলেজটিতে একজন শিক্ষককে মারধর করা হয়েছে। এ ঘটনার জেরে কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বাতিল এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যক্রম স্থগিত করার ঘোষণা দিয়েছেন মহানগর ছাত্রলীগের সভাপতি মো. জসিমউদ্দিন।
নির্যাতনের শিকার শিক্ষক কাজী নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল বেলা একটায় ওই কলেজে সম্মান প্রথম বর্ষ পরীক্ষা চলছিল। পরীক্ষার শুরুর ১৫ মিনিট পর কলেজ ছাত্রলীগের সভাপতি আল মামুন ৩১০ নম্বর কক্ষে প্রবেশ করে এক ছাত্র ও এক ছাত্রীকে তাঁর ভাই-বোন হিসেবে পরিচয় করিয়ে দিয়ে চলে যান। পরীক্ষা চলাকালে কাউকে অসদুপায় অবলম্বনের সুযোগ দেওয়া হয়নি।
নজরুল ইসলাম আরও বলেন, বিকেল পৌনে পাঁচটায় মামুন পুনরায় কক্ষের সামনে যান এবং তাঁকে ডাক দেন। পরীক্ষার খাতা গোছানোয় ব্যস্ত থাকার কারণে কক্ষ থেকে তাঁর বের হতে কিছুটা দেরি হয়। এরপর কক্ষ থেকে বের হলে মামুন তাঁর শার্টের কলার চেপে ধরে সানগ্লাস ভেঙে ফেলেন ও গালাগাল দেন। সঙ্গে থাকা একজন গালে থাপড় দেন।
এ বিষয়ে অধ্যক্ষ খোন্দকার অলিউল ইসলাম প্রথম আলোকে বলেন, শিক্ষককে পরীক্ষার হল থেকে ডেকে লাঞ্ছিত করায় শিক্ষকেরা ক্ষুব্ধ হয়েছেন। এর পরিপ্রেক্ষিতে সন্ধ্যায় জরুরি বৈঠকে মামুনকে বহিষ্কারের দাবি করেছেন শিক্ষকেরা। এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এ ঘটনার আগে বেলা ১১টার দিকে ছাত্রলীগের নেতা মামুন বরিশাল ডিবেটিং সোসাইটি (বিডিএস) বরিশালের সভাপতি এম এ মাসুদকে গালাগাল ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
মাসুদের ভাষ্য, গত ৩০ জানুয়ারি অশ্বিনীকুমার হলে বিডিএসের দ্বিতীয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ও উৎসবের সমাপনী অনুষ্ঠান হয়। প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। জেলা প্রশাসকসহ অন্য গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। সুন্দরভাবে অনুষ্ঠান শেষ হয়। গতকাল বেলা ১১টার দিকে রিকশাযোগে নগরের মল্লিক রোড দিয়ে যাচ্ছিলেন তিনি। সিস্টার্স ডে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে মামুন তাঁর রিকশা থামান। জানতে চান, কেন শিল্পমন্ত্রীর অনুষ্ঠানে তাঁকে মঞ্চে ডাকা ও তাঁর নাম ঘোষণা করা হয়নি। এরপরই গালাগাল শুরু করেন এবং একপর্যায়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
এ বিষয়ে জানতে চাইলে মামুন প্রথম আলোকে বলেন, ‘ও (মাসুদ) কাউকে তোয়াক্কা করে না। ও বেয়াদব। আমাকে নিয়ে কটূক্তি করেছে। সেসব বিষয় জানতে চেয়েছিলাম। এ সময় ঔদ্ধত্যপূর্ণ আচরণ করায় চড় মেরেছি।’