শুল্ক কর্মকর্তাকে হত্যার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা অঞ্চলের শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক কর্মকর্তাকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় বাগেরহাটের রামপাল থানায় মামলা করা হয়েছে। গত ২৯ জুন মোংলা-খুলনা মহাসড়কের ঝনঝনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এরপর ৩০ জুন রামপাল থানায় এ ঘটনায় মামলা করেন ওই কর্মকর্তা।
রামপাল থানা সূত্রে জানা যায়, ২৯ জুন বিকেলে খুলনা অঞ্চলের শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জাকির হোসেন ও তাঁর কয়েকজন সহকর্মী মোংলা থেকে গাড়িতে করে খুলনায় ফিরছিলেন। তাঁরা রামপাল উপজেলার ঝনঝনিয়া এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা গাড়িটির গতি রোধ করে।
এরপর এক দুর্বৃত্ত পিস্তল উঁচিয়ে জাকির হোসেনকে গালিগালাজ করে ও তাঁকে খুলনা ছেড়ে যেতে বলে। না হলে তাঁকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। রামপাল থানার ওসি বেলায়েত হোসেন বলেন, ‘ঘটনার তদন্ত চলছে।’