শুল্ক কর্মকর্তার পরিচয়ে প্রতারণা, আটক ৫
চট্টগ্রাম বন্দর থেকে নিলামের পণ্য বিক্রি করার কথা বলে নানাজনের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিতেন নুরুল হক। এ জন্য শুল্ক কর্মকর্তার পোশাক পরে থাকতেন তিনি। তবে সমঝোতা করতেন বন্দর-কাস্টমসের বাইরে হোটেলে বসে। মধ্যস্থতাকারীরা গ্রাহক নিয়ে এসে তাঁর সামনে বসিয়ে দিতেন। এরপর অগ্রিম টাকা আদায় করে উধাও হতেন।
গত সোমবারও নিলামের পণ্য বিক্রির জন্য গ্রাহকের সঙ্গে সমঝোতা করতে এসেছিলেন মাদারীপুরের নুরুল হকসহ ওই চক্রের একদল সদস্য। ব্যক্তিগত গাড়িতে চড়ে বন্দরের ৪ নম্বর ফটকের সামনে আসেন তাঁরা। কিন্তু এবার পুলিশ ও বন্দরের নিরাপত্তা বিভাগের পাতা ফাঁদে আটকা পড়েন। অন্য চারজন হলেন কুমিল্লার শেখ আলম ও নাদের উজ জামান, মুন্সিগঞ্জের মোশাররফ হোসেন, শরীয়তপুরের আবদুস সালাম।
ধরা পড়ার আগে চক্রটি পাঁচজনের কাছ থেকে ৫৬ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে সর্বশেষ চট্টগ্রাম বন্দর থেকে নিলামে দুটি গাড়ি বিক্রির কথা বলে মো. সেলিম নামের এক ব্যবসায়ীর কাছ থেকে হাতিয়ে নেওয়া হয় ৩৬ লাখ ৫০ হাজার টাকা। ওই ব্যবসায়ীর অভিযোগের প্রেক্ষাপটেই গতকাল ওই ফাঁদ পেতে পাঁচজনকে আটক করা হয়।
ভুক্তভোগী ব্যবসায়ী সেলিম প্রথম আলোকে বলেন, ‘মোশাররফ হোসেন ও নাদের উজ জামান গত ২৬ মে একবার ব্যবহৃত প্রাডো গাড়ি দেখানোর কথা বলে আমাকে বন্দরে নিয়ে আসেন। গাড়ি দেখার পর দরদাম ঠিক হয় ৬৫ লাখ টাকা। নগরের আগ্রাবাদে একটি হোটেলে শুল্ক কর্মকর্তার পরিচয় দিয়ে নুরুল হক নিলামে গাড়িটি বের করে দেওয়ার আশ্বাস দেন। এ জন্য দুই দফায় ৩৬ লাখ ৫০ হাজার টাকা অগ্রিম দিই। কিন্তু টাকা দেওয়ার পরই তাঁরা যোগাযোগ বন্ধ করে দেন। এরপর বন্দর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করি এবং বন্দরের নিরাপত্তা বিভাগেও জানাই।’
বন্দরের নিরাপত্তা বিভাগের পরিচালক লে. কর্নেল আলমগীর কবীর বলেন, ভুক্তভোগী ব্যবসায়ীর অভিযোগ পাওয়ার পর থেকে প্রতারক চক্রটিকে ফাঁদে ফেলার চেষ্টা করা হয়। শেষমেশ গতকাল পুলিশের সহযোগিতায় ওই পাঁচজনকে আটক করা সম্ভব হয়।
আটকের পর ওই পাঁচজনকে প্রথমে বন্দরের নিরাপত্তা বিভাগে আনা হয়। সেখানে নুরুল হক প্রথম আলোকে বলেন, মোশাররফের কথামতো তিনি শুল্ক কর্মকর্তার অভিনয় করতেন। একটি হোটেলে বসে প্রাডোসহ দুটি গাড়ি বিক্রির জন্য ওই ব্যবসায়ীর কাছ থেকে আগাম ৩৬ লাখ ৫০ হাজার টাকা নেন। তিনি আরও বলেন, ২০১২ সালে চারজনের কাছে পণ্য বিক্রির কথা বলে ২০ লাখ টাকা হাতিয়ে নিয়েছিলেন। তখন মামলা হয়। এরপর এ ধরনের কাজ করা থেকে বিরত থাকেন। কিন্তু চার মাস আগে মোশাররফের প্ররোচনায় আবারও শুরু করেন। আটক মোশাররফ বলেন, ‘আমরা অপরাধ করেছি।’
গতকাল রাত নয়টার দিকে মুঠোফোনে জানতে চাইলে বন্দর থানার উপপরিদর্শক (এসআই) সনজয় কুমার সিনহা বলেন, আটক নুরুল হকসহ দুজনের বিরুদ্ধে এর আগে বন্দর থানায় চারটি মামলা রয়েছে। এখন এই পাঁচজনের বিরুদ্ধে আরও দুটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।