শুল্ক ফাঁকি ধরলেন গোয়েন্দারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা তিন আমদানিকারকের শুল্ক ফাঁকির চেষ্টা রুখে দিয়েছেন। এর ফলে তাঁদের কাছ থেকে ৪১ লাখ টাকা বাড়তি রাজস্ব আদায় হয়েছে। গত বুধবার এই রাজস্ব সরকারি কোষাগারে জমা হয়।
শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, চীন থেকে তিন আমদানিকারক বন্দর দিয়ে কাচের তিনটি চালান আমদানি করেন। এই তিন আমদানিকারক হলেন ঢাকার মেসার্স বি বাড়িয়া গ্লাস হাউস, পিএআরএম এন্টারপ্রাইজ ও আশা ট্রেড ইন্টারন্যাশনাল। গত এপ্রিল ও মে মাসে এসব চালান খালাসের জন্য শুল্কায়ন প্রক্রিয়াও শেষ করা হয়। এই তিন চালানে শুল্ক ফাঁকির তথ্য পেয়ে গোয়েন্দা কর্মকর্তারা তা যাচাই-বাছাই করে গরমিল পান।
কর্মকর্তারা জানান, আমদানিকারকের নথিপত্র অনুযায়ী শুল্ক কর দাঁড়ায় ৫১ লাখ ৭৪ হাজার টাকা। শুল্ক গোয়েন্দাদের হস্তক্ষেপের পর জরিমানাসহ শুল্ক করের পরিমাণ দাঁড়ায় ৯২ লাখ টাকা। শুল্ক কর বাড়ার দুটি কারণ হলো, আমদানিকারকের নথিপত্রে কাচের যে পুরুত্ব উল্লেখ করা হয়েছে যাচাইয়ের সময় তার চেয়ে বেশি পুরুত্ব পাওয়া যায়। আর একটি চালানে ১ হাজার ২৭ বর্গমিটার কাচ বেশি ছিল।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক তারেক মাহমুদ প্রথম আলোকে জানান, বুধবার বিষয়টি নিষ্পত্তি হয়েছে। আমদানিকারকরা শুল্ক কর পরিশোধ করে বৃহস্পতিবার পণ্য খালাস করে নিয়েছেন।