শুল্ক ফাঁকির ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরে শুল্ক ফাঁকির ঘটনায় স্থলবন্দরের ব্যবস্থাপক, ট্রাকচালকসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এঁদের মধ্যে আটজনকে গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তার দেখানো হয়েছে। একই ঘটনায় শুল্ক বিভাগের চার কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে।
শুল্ক ফাঁকির ঘটনায় গ্রেপ্তার হওয়া ট্রাকচালক ও সহকারীদের মুক্তি এবং তাঁদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধ করে পঞ্চগড় জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন।
স্থলবন্দর সূত্রে জানা গেছে, স্থলবন্দর দিয়ে বন্দর কর্তৃপক্ষ, শুল্ক বিভাগ, সিঅ্যান্ডএফ এজেন্ট এবং কিছু অসাধু আমদানিকারক দীর্ঘদিন ধরে রাজস্ব ফাঁকি দিয়ে পণ্য আমদানি করছে। ১৯ মে মাত্র ৪৮০টি ভারতীয় বাইসাইকেলের শুল্ক দিয়ে পাঁচটি ট্রাকে ২ হাজার ৪০০টি বাইসাইকেল আনা হয়। খবর পেয়ে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের সামনে জেলা টাস্কফোর্স ট্রাকগুলো আটক করে। এ ঘটনায় গত বুধবার বিজিবি পক্ষ থেকে সুবেদার মো. আবুল কালাম ১৪ জনের বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় মামলা করেন। মামলায় নয়জন ট্রাকচালক ও তাঁদের সহকারী, স্থলবন্দরের ব্যবস্থাপক কাজী আল তারিক, সিঅ্যান্ডএফ এজেন্ট এবি ব্রাদার্সের মালিক বিনয় মজুমদার, আমদানিকারক রাজু সাইকেল স্টোরের মালিক, বন্দরের ট্রাফিক কর্মকর্তা এবং একজন কাস্টমস কর্মকর্তাকে আসামি করা হয়। এঁদের মধ্যে আট চালক ও সহকারীকে গত বুধবার গ্রেপ্তার করা হয়। তাঁদের গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শুল্ক ফাঁকির ঘটনায় গত বৃহস্পতিবার বাংলাবান্ধা স্থলবন্দরের সহকারী কমিশনার মোহাম্মদ জাকারিয়া, রাজস্ব কর্মকর্তা সরদার জাকির হোসেন, সহকারী রাজস্ব কর্মকর্তা আবদুস সামাদ আজাদ ও মো. নুরুজ্জামানকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে।
সদর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, ট্রাকের চালক ও তাঁদের সহকারীসহ আটজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। বাংলাবান্ধা স্থলবন্দরের ব্যবস্থাপক কাজী আল তারিকসহ অন্য আসামিরা পলাতক। তাঁদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
শুল্ক ফাঁকির ঘটনায় চার কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলির খবর নিশ্চিত করে কাস্টমসের রংপুর বিভাগীয় কমিশনার মো. মুজিবুর রহমান ফোনে বলেন, কাস্টমসের যুগ্ম কমিশনার নুরুল হুদা আজাদকে প্রধান করে তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।