শুল্কমুক্ত সুবিধার অপব্যবহারের অভিযোগ
শুল্কমুক্ত সুবিধার অপব্যবহারের অভিযোগে চট্টগ্রামের বহদ্দারহাটের লিবার্টি এক্সেসরিজ নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার বিভাগীয় মামলা করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক এস এম শামীমুর রহমান প্রথম আলোকে বলেন, প্রতিষ্ঠানটি শুল্কমুক্ত সুবিধায় প্লাস্টিক দানা আমদানি করেছে। লাইসেন্সের শর্তানুযায়ী, এই প্লাস্টিক দানা দিয়ে পোশাকশিল্পের সরঞ্জাম প্রস্তুত করে তা রপ্তানি করতে হবে। তবে রপ্তানি না করে প্রতিষ্ঠানটি দেড় হাজার টন প্লাস্টিক দানা ঢাকা ও চট্টগ্রামের খোলাবাজারে বিক্রি করে দেয়।
শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা কাঁচামাল যথাযথভাবে সংরক্ষণ ও হিসাব রাখা বাধ্যতামূলক হলেও এই প্রতিষ্ঠান তা করেনি।
শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ ইলিয়াস মিয়া এবং পরিচালক পারভিন আহমেদ। এর আগেই একই মালিকের আরেকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বন্ড সুবিধার অপব্যবহারের অভিযোগে মামলা করেছিলেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।