শৃঙ্খলা ভঙ্গ, ১৫ হাজতিকে ফেনী থেকে কাশিমপুর কারাগারে স্থানান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফেনী জেলা কারাগার থেকে ১৫ জন হাজতিকে (সাজা হয়নি) কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে বিশেষ নিরাপত্তাব্যবস্থায় তাঁদের ফেনীর কারাগার থেকে গাজীপুরের কাশিমপুরে স্থানান্তর করা হয়েছে। স্থানান্তর করা হাজতিদের মধ্যে ১৪ জনই অস্ত্র মামলায় গ্রেপ্তার হওয়া যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী।
ফেনী কারাগারের জেলার শংকর কুমার মজুমদার গতকাল শুক্রবার রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, কাশিমপুরে স্থানান্তর করা হাজতিদের সবাই অস্ত্র মামলার আসামি। এর মধ্যে গত ৬ জুন রাতে ফেনী শহরের লালপুল এলাকায় একসঙ্গে ২৬ জনকে গ্রেপ্তার করে র্যা ব। তাঁদের কাছ থেকে পিস্তল, শটগান, এলজিসহ ১৫টি অস্ত্র উদ্ধার করা হয়েছিল। তাঁরা গাড়িবহর নিয়ে সোনাগাজী উপজেলা যুবলীগের সমাবেশ থেকে ফেনী শহরে ফিরছিলেন। স্থানান্তর করা হাজতিদের মধ্যে ওই ঘটনায় গ্রেপ্তার হওয়া ১৪ জন রয়েছেন।
কারা সূত্র জানায়, একজন কারারক্ষীকে লাঞ্ছিত করাসহ ওই হাজতিদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের বেশ কিছু অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার সকালে কারাগারের ভেতরে হাজতিদের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতির উপক্রম হয়। এ নিয়ে কারা অভ্যন্তরে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারারক্ষীরা এগিয়ে গেলে তাঁরা এক কারারক্ষীকে লাঞ্ছিত করার চেষ্টা করেন। এ ঘটনার পর নিরাপত্তার স্বার্থে ফেনী কারা কর্তৃপক্ষ ১৫ জন হাজতিকে কাশিমপুর কারাগারে স্থানান্তরের সিদ্ধান্ত নেয় এবং দ্রুত তা কার্যকর করা হয়।