শৃঙ্খলাবিরোধী কাজের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত বরেন্দ্র জাদুঘরের উপপরিচালক মনিরুল হককে জাদুঘর থেকে বিশ্ববিদ্যালয়ের স্বপদে বদলি করা হয়েছে। গত ২৭ অক্টোবর এই বদলির আদেশ হয়।
মনিরুল হকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারেরও অভিযোগ রয়েছে। তাঁর কার্যালয়ে প্রাচীন মুদ্রা, পুঁথি, নথিসহ অনেক কিছুই পাওয়া গেছে, যা তিনি জাদুঘরের তালিকায় ওঠাননি।
জাদুঘরের প্রত্নবস্তুর উপাদান নির্ণয়ে বিশেষজ্ঞ হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করেন মনিরুল হক। তাঁর দাবি, তিনি ক্ষমতার অপব্যবহার করেননি। পরিচালকের নির্দেশে সব করেছেন।
তবে পরিচালক সুলতান আহমদ বলেন, তিনি (মনিরুল হক) অতীতেও ক্ষমতার অপব্যবহার করেছেন। কেউ বিষয়টি খেয়াল করেননি।
জাদুঘর সূত্র জানায়, গত সেপ্টেম্বর মাসে রাজশাহীতে একটি মূর্তি উদ্ধার হয়। এই মূর্তির প্রত্ন উপাদান নির্ণয়ের জন্য জাদুঘরের পরিচালক লিখিত দায়িত্ব দেন মনিরুল হককে। নিয়ম অনুযায়ী, প্রত্নবস্তুর উপাদান নির্ণয়ের পাশাপাশি সেটি জাদুঘরে হস্তান্তরের জন্য ম্যাজিস্ট্রেট ও থানায় চিঠি দিতে হয়। তবে এই চিঠি পরিচালকের দেওয়ার কথা। কিন্তু উপপরিচালক নিজেই পরিচালকের পক্ষে ৬ অক্টোবর নগরের বোয়ালিয়া থানায় চিঠি দেন এবং জেলা প্রশাসককে দেওয়ার জন্য ১১ অক্টোবর আরও একটি চিঠি প্রস্তুত করেন। কিন্তু ম্যাজিস্ট্রেটের পরিবর্তে জেলা প্রশাসককে দেওয়ার জন্য চিঠি প্রস্তুত করায় কর্মচারীরা চিঠিটি জেলা প্রশাসকের কাছে পাঠাননি।
পরিচালক বিষয়টি জানতে পেরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে উপপরিচালকের ক্ষমতার অপব্যবহার সম্পর্কে অভিযোগ করেন। এরপর ২৭ অক্টোবর মনিরুল হককে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগে তাৎক্ষণিক বদলি করা হয়।
সূত্র জানায়, উপপরিচালক তাঁর কার্যালয়ের চাবি হস্তান্তরের পর জাদুঘর কর্তৃপক্ষ তাঁর কার্যালয় থেকে প্রচুর পরিমাণ প্রত্নবস্তু উদ্ধার করে। এর মধ্যে প্রাচীন মুদ্রা, ব্রিটিশ ভারতের মুদ্রা, বইপুস্তক ও ৩৭টি গুরুত্বপূর্ণ নথি রয়েছে। অথচ এসব জাদুঘরের প্রত্নবস্তুর তালিকায় নেই।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন বলেন, কিছু শৃঙ্খলাবিরোধী কাজের জন্য উপপরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।