শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: পলাতক হুজি সদস্য আজিজুল গ্রেপ্তার
২০০০ সালে গোপালগঞ্জের কোটালীপাড়ায় জনসভাস্থলে তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য বোমা পুঁতে রাখার দায়িত্ব পালনকারী হুজি সদস্য আজিজুল হক গ্রেপ্তার হয়েছেন। ঘটনার প্রায় ২২ বছর পর গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর খিলক্ষেত থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি এ দীর্ঘ সময় ছদ্মবেশে বিভিন্ন পেশার আড়ালে নিজেকে আড়াল করে রাখেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট তাঁকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে জিহাদি বই, দুটি মুঠোফোন, পেনড্রাইভ ও কম্পিউটারের হার্ডডিস্ক উদ্ধার করা হয়।
২০০০ সালের ২২ জুলাই গোপালগঞ্জের কোটালীপাড়ায় শেখ লুৎফর রহমান সরকারি আদর্শ কলেজ প্রাঙ্গণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভার প্যান্ডেল তৈরির সময় শক্তিশালী একটি বোমা দেখতে পাওয়া যায়। সেনাবাহিনীর একটি দল ৭৬ কেজি ওজনের ওই বোমা উদ্ধার করে। পরদিন ২৩ জুলাই ৪০ কেজি ওজনের আরেকটি বোমা উদ্ধার করা হয়।
এ ঘটনায় কোটালীপাড়া থানায় শেখ হাসিনাকে হত্যাচেষ্টা, হত্যার ষড়যন্ত্র (রাষ্ট্রদ্রোহ) ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা করে পুলিশ।
হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় বিচারিক আদালত আজিজুল হকসহ ১০ জঙ্গিকে মৃত্যুদণ্ড এবং ১৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। হত্যাচেষ্টা মামলায় আসামিরা আপিল করেন। আপিলের রায়েও ১০ জঙ্গির মৃত্যুদণ্ড বহাল রাখেন হাইকোর্ট। তাঁদের মধ্যে হুজি নেতা মুফতি হান্নানের ফাঁসির রায় কার্যকর হয়েছে।
আজ বুধবার দুপুরে রাজধানীর মিন্টো রোডের ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে আজিজুলকে গ্রেপ্তারের বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান বিস্তারিত জানান। তিনি বলেন, বোমা পুঁতে রাখার ঘটনা প্রকাশ পেলে আজিজুল হক ওরফে রানা ওরফে শাহনেওয়াজ ওরফে রুমান (৪৪) কোটালীপাড়া থেকে ঢাকায় পালিয়ে আসেন। তিনি হুজি নেতা মাওলানা আমিরুল ইসলামের সঙ্গে দেখা করেন। ২২ বছর ছদ্মবেশে বিভিন্ন পেশার আড়ালে তিনি নিজেকে আড়াল করে রাখেন। তিনি গোপনে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। তিনি কখনো দরজি, মুদিদোকানি, বই বিক্রেতা, গাড়িচালক ও সর্বশেষ প্রিন্টিং স্ট্যাম্প বানানোর কাজ করতেন। আজিজুল তাঁর পাঁচ সহযোগীকে নিয়ে মোমবাতি ও সাবান তৈরির আড়ালে বোমা তৈরি করছিলেন।
অভিযান পরিচালনায় যুক্ত ডিএমপির ট্রান্সন্যাশনাল ক্রাইমের উপকমিশনার মো. মাহফুজুল ইসলাম আজ দুপুরে প্রথম আলোকে বলেন, হুজি সদস্য আজিজুল হকের বিরুদ্ধে খিলক্ষেত থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাঁকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে। তাঁর পলাতক চার সহযোগী মো. লোকমান, মো. ইউসুফ ওরফে মোসহাব মোড়ল, মোসহাব হাসান ওরফে রাশু ও শেখ মো. এনামুল হককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।