শেরপুর কারাগারে বন্দীর মৃত্যু নিয়ে রহস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর জেলা কারাগারে গতকাল শনিবার সোহরাব আলী (৩৫) নামের এক বন্দীর মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে। তবে কারা কর্তৃপক্ষ দাবি করেছে, তিনি আত্মহত্যা করেছেন।
সোহরাব আলী শেরপুর সদর উপজেলার রৌহা চরপাড়া গ্রামের আবদুল জব্বারের দ্বিতীয় ছেলে। বড় ভাই আবুল কাসেমকে হত্যার অভিযোগে হওয়া মামলার আসামি হিসেবে সাত মাস ধরে তিনি কারাগারে আটক ছিলেন।
কারা কর্তৃপক্ষ, সদর হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল আটটার দিকে সোহরাব আলী কারাগারের মাধবী ১ নম্বর ওয়ার্ডের বাথরুমে যান। বেশ কিছুক্ষণ পরও ফিরে না আসায় ওয়ার্ডের অন্য বন্দীরা তাঁকে (সোহরাব) বাথরুমের জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় বন্দীরা চিৎকার শুরু করলে কারারক্ষীরা ওই ওয়ার্ডের বাথরুমে গিয়ে সোহরাব আলীকে উদ্ধার করেন। পরে শেরপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা এ এফ এম হাসান আল ইসলাম তাঁকে মৃত ঘোষণা করেন।
কারাগারের তত্ত্বাবধায়ক মজিবর রহমান বলেন, সোহরাবের গলায় গামছা প্যঁাচানো ছিল। ঈদের পর থেকে তাঁর আচরণে পরিবর্তন লক্ষ করা গেছে। ধারণা করা হচ্ছে, তিনি গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম বলেন, এ ঘটনায় কারাগারের তত্ত্বাবধায়ক শেরপুর সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।