শেরপুর থেকে অপহৃত ছাত্রী উদ্ধার ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর পৌর শহর থেকে অপহৃত দশম শ্রেণির এক ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। পুলিশ গত বুধবার গভীর রাতে বরিশাল সদরের চণ্ডীপুর গ্রামের এক বাড়ি থেকে তাকে উদ্ধার করে। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়। ওই বাড়িতে আটকে রাখার সময় ওই ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
গ্রেপ্তার করা দুজন হলেন সুজন আহম্মেদ (১৮) ও তাঁর বাবা লাভলু মিয়া (৪৫)। তাঁদের বাড়ি শেরপুর উপজেলার শুভগাছা গ্রামে। তাঁরা শেরপুর থানায় করা অপহরণ মামলার আসামি।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত সোমবার সকাল সাতটার দিকে ওই ছাত্রী শেরপুর শহরের বৈকাল বাজার এলাকায় এক শিক্ষকের কাছে পড়তে যাচ্ছিল। পথে সুজনের নেতৃত্বে চারজনের একটি দল ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাকে মোটরসাইকেলে তুলে অপহরণ করে।
এই মামলার তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানার এসআই জিয়াউর রহমান বলেন, বুধবার রাত দেড়টার দিকে বরিশালের চণ্ডীপুর গ্রামের নূর মোহাম্মদের বাড়িতে অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। এ সময় সেখান থেকে ওই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওই বাড়িতে ওই ছাত্রী ধর্ষণের শিকার হয়। ডাক্তারি পরীক্ষার জন্য তাকে গতকাল বৃহস্পতিবার বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শেরপুর থানার ওসি খান মো. এরফান বলেন, এ ঘটনায় ওই ছাত্রীর মামা সুজন ও তাঁর বাবাসহ মোট চারজনের বিরুদ্ধে মামলা করেন।