শেরপুরে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের ছুটি শেষ হওয়ার পর শেরপুর থেকে ঢাকাগামী বাসযাত্রীদের কাছ থেকে পরিবহন মালিকেরা অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে যাত্রীরা বিপাকে পড়েছেন।
জেলা বাস-কোচ মালিক সমিতি সূত্রে জানা গেছে, শেরপুর-ময়মনসিংহ-ঢাকাপথে বিশেষ সার্ভিস সোনার বাংলা পরিবহনের স্বাভাবিক সময়ের নির্ধারিত ভাড়া সাড়ে তিন শ টাকা। এ ছাড়া ড্রিমল্যান্ড পরিবহন ও নৈশকোচগুলোর ভাড়া ছিল তিন শ টাকা। ঈদুল ফিতরের পর মালিক সমিতির পক্ষ থেকে এসব পরিবহনের ভাড়া যাত্রীপিছু এক শ টাকা করে বাড়ানো হয়। কিন্তু বর্তমানে যাত্রীদের কাছ থেকে তিন শ বা সাড়ে তিন শ টাকার পরিবর্তে পাঁচ শ টাকা ভাড়া আদায় করা হচ্ছে।
ঢাকাগামী ড্রিমল্যান্ড পরিবহনের যাত্রী পোশাককর্মী সদর উপজেলার মুন্সিরচর গ্রামের দিলারা বেগম বলেন, তাঁর কাছ থেকে নির্ধারিত ভাড়া তিন শ টাকার পরিবর্তে পাঁচ শ টাকা নেওয়া হয়েছে। অর্থাৎ নির্ধারিত ভাড়ার চেয়ে দুই শ টাকা বেশি নেওয়া হয়েছে।
গত মঙ্গলবার রাতে একটি নৈশকোচের যাত্রী নকলা উপজেলা সদরের ব্যবসায়ী মো. মাহফুজুর রহমান ও জেলা সদরের বাজিতখিলা এলাকার চিকিৎসা সহকারী মো. শাহজাহান বলেন, তাঁদের কাছ থেকে নির্ধারিত ভাড়া সাড়ে তিন শ টাকার পরিবর্তে পাঁচ শ টাকা নেওয়া হয়েছে।
শেরপুর জেলা বাস-কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম বলেন, প্রশাসনের সঙ্গে আলোচনা করেই যাত্রীদের কাছ থেকে কিছু ভাড়া বেশি নেওয়া হচ্ছে। কারণ, শেরপুর থেকে বর্তমানে যাওয়ার সময় বাসগুলো সব আসনে যাত্রী নিয়ে ঢাকায় গেলেও ঢাকা থেকে ১০-১২ জন যাত্রী অথবা প্রায় খালি অবস্থায় শেরপুরে ফিরছে। তাই বাসমালিকদের ক্ষতি পুষিয়ে নিতে সাময়িকভাবে ভাড়া বাড়ানো হয়েছে।