শেরপুরে অবাধে পাখি শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীত মৌসুমের শুরু থেকেই শেরপুরে অবাধে চলছে পাখি শিকার। শেরপুর জেলার বিভিন্ন জলাশয় ও এর আশপাশের এলাকা থেকে একশ্রেণির অর্থলোভী শিকারি বক, পানকৌড়ি, ঘুঘু, কালিমসহ বিভিন্ন পরিযায়ী পাখি নিধন করে চলেছেন। এ ছাড়া সীমান্তবর্তী গারো পাহাড়ে শিকারিরা ফাঁদ পেতে খরগোশ, বনবিড়াল, শিয়ালসহ বিভিন্ন প্রাণী শিকার করছেন।
পরিবেশবাদী সংগঠন ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শেরপুরের পাঁচটি উপজেলায় তিন শতাধিক শিকারি অবাধে পাখি ও প্রাণী শিকার করে স্থানীয় বাজারে তা বিক্রি করে চলেছেন। এসব শিকারি স্থানীয় ভাষায় হালা, খুইট্টা, জালসহ বিভিন্ন রকমের ফাঁদ পেতে এবং নানা কৌশলে পাখি ও প্রাণী শিকার করেন। তাঁরা অবাধে পাখি শিকার করায় বিভিন্ন জলাশয়ে আসা পাখিরা নিরাপত্তাহীন হয়ে পড়েছে। কিন্তু প্রশাসনিক পর্যায়ে তেমন কোনো ব্যবস্থা না নেওয়ায় অবাধে পাখি শিকার ও বিক্রি বেড়েই চলেছে।
শেরপুরের প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইন-এর নির্বাহী পরিচালক মো. মুগনিউর রহমান বলেন, তাঁদের সদস্যরা গত এক মাসে জেলার বিভিন্ন এলাকার শিকারিদের কাছ থেকে প্রায় ১০০ পাখি উদ্ধার করে সেগুলো অবমুক্ত করেছেন এবং পাখি ধরার বিভিন্ন সরঞ্জাম ধ্বংস করেছেন। সেই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা করে বকসহ বিভিন্ন পাখি ও প্রাণী শিকার না করার জন্য শিকারিদের পরামর্শদান অব্যাহত রেখেছেন বলে জানান তিনি।
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শেরপুরের বিভাগীয় বন কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, বন্য প্রাণী আইনে দেশি ও অতিথি পাখি এবং প্রাণী শিকার সম্পূর্ণ নিষিদ্ধ। শিকারিদের ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের শাস্তি দেওয়া হবে।