শেরপুরে আ.লীগ নেতাকে হত্যার হুমকিতে জিডি
শেরপুরের নকলা উপজেলা আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক অনিল কুমার রায় ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছে। ওই চিঠিতে উপজেলা পরিষদ ভবনসহ ৫০টি গুরুত্বপূর্ণ স্থান বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। গতকাল সোমবার রাতে চিঠি পেয়ে তিনি নকলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম হায়দার আজ মঙ্গলবার দুপুরে প্রথম আলোকে বলেন, হুমকির চিঠির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। এর সঙ্গে কারা জড়িত, সেটিও চিহ্নিত করার চেষ্টা চলছে।
অনিল কুমার রায় আজ প্রথম আলোকে বলেন, গতকাল রাত নয়টার দিকে বাংলা ও আরবির সংমিশ্রণে লেখা চিঠিটি কে বা কারা নকলা পৌর শহরের কামারপট্টি এলাকায় তাঁর বাসার দরজার নিচ দিয়ে রেখে যায়। চিঠিতে হত্যা ও গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা হামলার হুমকি দেওয়া হয়। পরে আওয়ামী লীগের স্থানীয় নেতাদের সঙ্গে পরামর্শ করে তিনি রাত ১০টার দিকে জিডি করেন।