শেরপুরে আচরণবিধি লঙ্ঘন, ওসি প্রত্যাহার
শেরপুরে আচরণবিধি লঙ্ঘন করে জাতীয় সংসদে সরকারদলীয় হুইপ মো. আতিউর রহমানকে প্রটোকল দেওয়ার অভিযোগে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিমকে প্রত্যাহার করা হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) ওসিকে প্রত্যাহারের নির্দেশ দেন।
শেরপুরের পুলিশ সুপার (এসপি) মেহেদুল করিম আজ বৃহস্পতিবার রাত দশটায় নির্বাচন কমিশনের এ নির্দেশের বিষয়টি নিশ্চিত করেছেন। মাজহারুল করিমকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে এসপি জানান।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে হুইপ আতিউর রহমান শেরপুরের সদর উপজেলার গাজীরখামার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনতার উদ্দেশে বক্তব্য দেন। এ সময় তিনি গাজীরখামার ইউপির আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আওলাদুল ইসলামের পক্ষে ভোট চান বলে জাসদের (ইনু) চেয়ারম্যান প্রার্থী মো. খলিলুর রহমান অভিযোগ করেন। হুইপের উপস্থিতিকে কেন্দ্র করে ওই দিন আওয়ামী লীগ ও জাসদের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১৫ জন আহত হন। ঘটনার সময় সদরের ওসি মাজহারুল করিম হুইপকে প্রটোকল দেন। এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন (ইসি) সদরের ওসি মাজহারুল করিমকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন।
জেলা প্রশাসক এ এম পারভেজ রহিমও ইসির আদেশের সত্যতা নিশ্চিত করেছেন।
আগামী ৭ মে শনিবার সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নসহ সাত ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।