শেরপুরে আদিবাসীর বাড়িতে হামলা অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে হাতিগাড়া গ্রামের এক আদিবাসীর বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে আদিবাসী নিত্য তাঁতীর বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
হামলায় বাধা দিতে এসে আহত হয়েছেন নিত্য তাঁতীর মা বিরনি বালা (৭০), স্ত্রী শিখা বালা (৪২) ও মেয়ে হাসি বালা (২০)। তাঁদের মধ্যে বিরনি বালাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য দুজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। এদিকে খড়ের গাদায় আগুন দেখে স্থানীয় লোকজন পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।
নিত্য তাঁতী বলেন, তাঁর মেয়ে হাসি বালা স্থানীয় ব্র্যাক স্কুলের শিক্ষক। এ জন্য তিনি তাঁর বসতবাড়ির সামনে নিজস্ব জায়গার ওপর ব্র্যাক স্কুলের একটি ঘর তৈরি করে দিতে স্থানীয় ব্র্যাক স্কুলের কর্মকর্তার কাছে প্রতিশ্রুতি দেন। কিন্তু এতে পাশের ফুলতলা গ্রামের মো. আলম, গড়েরবাড়ী গ্রামের মো. রহমতুল্লা (৫০) ও তাঁর ছেলে মো. রনি (৩০) বিরোধিতা করেন। বিরোধিতাকারীরা তাঁর আত্মীয় নিপেন তাঁতীকে স্কুলঘরের জায়গার ভুয়া মালিক বানিয়ে তা দখলের চেষ্টা করেন।
এ ঘটনায় তিনি এক সপ্তাহ আগে পুলিশের শরণাপন্ন হলে গতকাল মো. আলমের নেতৃত্বে তাঁর বাড়িতে হামলা হয়। তাঁরা প্রথমে খড়ের গাদায় আগুন ধরিয়ে দেন এবং পরে ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন। এ সময় বাধা দিতে গেলে হামলাকারীরা তাঁর মা, স্ত্রী ও মেয়েকে মারধর করেন।
মো. আলম ও মো. রহমতুল্লা দাবি করেন, তাঁরা এ ঘটনার সঙ্গে জড়িত নন। কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা-ও তাঁরা জানেন না বলে জানান।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশমী বলেন, এ ঘটনা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।