শেরপুরে এক গৃহবধূসহ দুজনের লাশ উদ্ধার
বগুড়ার শেরপুর উপজেলায় গতকাল বৃহস্পতিবার নিজ বাড়ি থেকে এক গৃহবধূর ও বাঙ্গালী নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে লাশ দুটি ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মজিদ সরকার প্রথম আলোকে বলেন, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শ্যাওলাগাড়ী গ্রামের বেল্লাল হোসেনের স্ত্রী মর্জিনা খাতুনের (৩০) লাশ বাড়ির আঙিনা থেকে উদ্ধার করা হয়। এ সময় মর্জিনার স্বামীকে বাড়িতে পাওয়া যায়নি। প্রাথমিকভাবে মনে হয়েছে, এটি আত্মহত্যা।
গৃহবধূ মর্জিনার বড় ছেলে মো. মাসুদ (১৪) জানায়, তার এক সৎমা আছেন। সেই সৎমায়ের সঙ্গে তার মায়ের প্রায়ই ঝগড়া হতো। তখন তার বাবা তার মাকে (মর্জিনাকে) মারধর করতেন। গত বুধবার রাতেও বাবা তার মাকে মারধর করেন। এতে মর্জিনার নাক ফেটে রক্ত বের হয়। গতকাল সকালে ঘুম থেকে জেগে মাসুদ দেখতে পায় শোয়ার ঘরে বাঁশের আড়ার সঙ্গে মায়ের লাশ ঝুলছে। সে চিৎকার দেয়। পরে দরজা খুলে দিলে সৎমা ও প্রতিবেশীরা ঘরে ঢোকেন। পরে লাশ নামিয়ে বাড়ির আঙিনায় রাখা হয়। এ সময় তার বাবা বাড়িতে ছিলেন না।
মর্জিনার বড় ভাই বগুড়ার কাহালু থানার কালাই কন্নিপাড়া গ্রামের বাবলু সরদার বলেন, ১৫ বছর আগে শ্যাওলাগাড়ী গ্রামের বেল্লাল হোসেনের সঙ্গে তাঁর বোনের বিয়ে হয়। এর পাঁচ-ছয় বছর পর বেল্লাল দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে বেল্লাল তাঁর বোনকে বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য মারধর করতেন। এ নিয়ে গ্রামে কয়েকবার সালিস হয়েছে। সালিসে বেল্লাল মাফ চাইলেও তাঁর বোনের ওপর নির্যাতন বন্ধ করেননি।
এদিকে শেরপুর থানার এসআই আলহাজ উদ্দিন বলেন, গতকাল বেলা তিনটার দিকে উপজেলার বরইতলী গ্রামের পাশে বাঙ্গালী নদীর কিনার থেকে অজ্ঞাতনামা (৪০) এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করা হয়।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান বলেন, দুটি ঘটনায় পৃথক অপমৃত্যুর (ইউডি) মামলা রেকর্ড করা হয়েছে।