শেরপুরে এক ব্যক্তির মৃত্যু নিয়ে রহস্য
শেরপুরের শ্রীবরদী উপজেলায় এক ব্যক্তির মৃত্যু নিয়ে রহস্য দেখা দিয়েছে। নিহত ব্যক্তির স্ত্রী বলছেন তিনি আত্মহত্যা করেছেন। তবে এলাকাবাসীর অভিযোগ, তাঁকে হত্যা করা হয়েছে।
মো. আকরাম হোসেন (৪৫) নামের ওই ব্যক্তি গত রোববার মারা যান। তিনি ঘুড়িয়া কাজীরচর ইউনিয়নের পশ্চিম ঝিনিয়া গ্রামের বাসিন্দা। তিনি শেরপুর জেলা শহরের একটি ভাঙারির (পুরোনো জিনিসপত্র ক্রয়-বিক্রয়ের দোকান) দোকানের শ্রমিক ছিলেন।
থানা-পুলিশ ও কয়েকজন প্রতিবেশী বলেন, প্রায় ১৫-১৬ বছর আগে আকরাম হোসেনের সঙ্গে শেরপুর সদরের কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের সূচী বেগমের বিয়ে হয়। তাঁদের ঘরে দুই ছেলে আছে। অভাব-অনটনের কারণে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। কয়েক দিন আগেও তাঁদের মধ্যে ঝগড়া হয়। এরপর আকরাম বাড়ি থেকে চলে যান। অনেক খোঁজাখুঁজি করেও আত্মীয়স্বজন তাঁর সন্ধান পাননি।
সূচী বেগম বলেন, গত রোববার রাত ১০টার দিকে তিনি দুই ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত দেড়টার দিকে রান্নাঘর থেকে গোঙানির আওয়াজ পেলে তাঁর ঘুম ভেঙে যায়। তিনি রান্নাঘরে গিয়ে দেখেন তাঁর স্বামী মাটিতে গড়াগড়ি খাচ্ছেন। এ সময় তাঁর চিৎকারে আত্মীয়স্বজন ওই ঘরে গিয়ে আকরামকে উদ্ধার করে মাথা ও মুখে পানি ঢালেন। কিন্তু হাসপাতালে নেওয়ার আগেই বাড়িতেই আকরাম মারা যান।
এরপর রোববার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত এলাকাবাসী সূচী বেগমকে আটক করে রাখেন। এলাকাবাসীর অভিযোগ, সূচী বেগমের সঙ্গে স্থানীয় এক যুবকের প্রেম চলছিল। এর জের ধরে ওই যুবকের সহযোগিতায় আকরামকে হত্যা করা হয়েছে। তবে সূচী বেগম সাংবাদিকদের বলেন, তাঁর স্বামী বিষপানে আত্মহত্যা করেছেন।
গতকাল সোমবার সকালে শ্রীবরদী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আকরামের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ও ময়নাতদন্তের জন্য লাশ শেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
শ্রীবরদী থানার উপপরিদর্শক (এসআই) মো. ওয়াহাব আলী গতকাল বিকেলে বলেন, এ ঘটনায় আকরামের বড় ভাই ইমাজ উদ্দিন একটি অপমৃত্যু (ইউডি) মামলা করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আকরাম বিষপানে আত্মহত্যা করেছেন। ঘটনাস্থল থেকে বিষের একটি বোতল উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।