শেরপুরে এনজিওর কর্মকর্তার বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে জনতা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামের একটি বেসরকারি সংস্থার (এনজিও) বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজন সদস্য ওই সংস্থার চেয়ারম্যান, শেরপুর শাখার ব্যবস্থাপক ও একজন মাঠকর্মীর বিরুদ্ধে গত রোববার থানায় মামলা করেন। এজাহারে বাদীর ১০ লাখ টাকাসহ এলাকার লোকজনের প্রায় ২০ কোটি আত্মসাৎ করে আসামিদের গাঢাকা দেওয়ার অভিযোগ করা হয়।
সংস্থাটি বগুড়া জেলা সমবায় কর্মকর্তার কার্যালয় থেকে নিবন্ধিত হয়েছে। শেরপুর পৌর শহরের খেজুরতলা এলাকায় এক ব্যক্তির তৃতীয় তলা ভাড়া নিয়ে ২০১২ সালে সংস্থাটি কার্যক্রম শুরু করে। ২ এপ্রিল থেকে সংস্থার কার্যালয়টি তালাবদ্ধ পাওয়া যায়।
উপজেলা সমবায় কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ২০১২ সালের ২১ অক্টোবর বগুড়ার সমবায় কর্মকর্তার কার্যালয় থেকে ওই সংস্থার নাম নিবন্ধিত (নম্বর ৪৪৭) করা হয়। সংস্থাটির কার্যক্রম পরিচালনার মধ্যে ছিল সঞ্চয় আদায়, সদস্যদের মধ্যে ঋণ প্রদান, শেয়ার আদায় ও আমানত সংগ্রহ করা।
ওই সংস্থার শেরপুরের পাঁচজন সদস্য বলেন, শেরপুর, ধুনটসহ এবং পাশের সিরাজগঞ্জের রায়গঞ্জের চান্দাইকোনা বাজার এলাকায় অন্তত দুই হাজার ব্যক্তি এই সংস্থার সদস্য। সব সদস্য এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী। ঋণ প্রদানসহ অধিক লভ্যাংশের লোভ দেখিয়ে তাঁদের কাছ থেকে প্রতিদিন সঞ্চয়ের টাকা, শেয়ার আদায় ও বিভিন্ন মেয়াদের আমানত হিসেবে টাকা সংগ্রহ করা হতো। ২ এপ্রিল সংস্থাটির কার্যালয় থেকে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে ঋণ প্রদান ও আমানত জমাকারীদের লভ্যাংশের টাকা দেওয়ার দিন ধার্য ছিল। এসব টাকা উত্তোলন করতে এসে তাঁরা দেখতে পান সংস্থাটির কার্যালয় তালাবদ্ধ ও কর্মকর্তা-কর্মচারীদের কেউ নেই।
মামলার বাদী উপজেলার হুসনাবাদ গ্রামের আলতাব আলী সরকার বলেন, সংস্থাটির চেয়ারম্যান, শেরপুর শাখার ব্যবস্থাপক (ম্যানেজার) ও একজন কর্মচারী আমানতের টাকায় প্রতি মাসে প্রতি লাখে ১২ হাজার টাকার লভ্যাংশ দেওয়ার কথা বলে তাঁর কাছে থেকে আট দফায় আমানত হিসেবে ১০ লাখ টাকা নিয়েছেন। টাকা জমা দেওয়ার সব কাগজপত্র তাঁর কাছে রয়েছে। সংস্থাটির ব্যবস্থাপক তাঁকে চার কিস্তিতে লভ্যাংশের ৪৮ হাজার টাকাও দিয়েছেন। ২ এপ্রিল তিনি লভ্যাংশের টাকা তুলতে গেলে কার্যালয়টি তালাবদ্ধ দেখতে পান। সংস্থার কর্মকর্তা-কর্মচারী কেউ নেই।
পৌর শহরের শান্তিনগর এলাকার রাশেদুল হাসান খান বলেন, সংস্থাটির ব্যবস্থাপক ও কর্মচারীরা প্রতি মাসে তাঁকে প্রতি লাখে ১ হাজার ৫০০ টাকা করে লভ্যাংশ দেওয়ার প্রতিশ্রুতি দিলে তিনি ২০১৬ সালের ৪ আগস্ট ওই সংস্থায় আড়াই লাখ টাকা আমানত হিসেবে জমা দেন। জমা দেওয়ার ছয় মাস পর্যন্ত তাঁকে আমানত থেকে লভ্যাংশের টাকাও দেওয়া হয়েছিল।
গতকাল বুধবার সংস্থাটির চেয়ারম্যান কুষ্টিয়ার দৌলতপুরের খন্দকার আবুল কালাম আজাদ (৫০) ও ব্যবস্থাপক আবদুর রহিমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এ কারণে তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মামলার তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শামসুজ্জোহা বলেন, মামলার এজাহারে বাদী আলতাবের ১০ লাখ টাকাসহ এলাকার লোকজনের প্রায় ২০ কোটি আত্মসাৎ করে আসামিদের গাঢাকা দেওয়ার অভিযোগ করা হয়। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।