শেরপুরে এলাকাবাসী ও কারারক্ষীদের সংঘর্ষ, আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর জেলা কারাগার প্রাঙ্গণে অনুপ্রবেশের ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর সঙ্গে কারারক্ষীদের সংঘর্ষের ঘটনায় দুই কারারক্ষীসহ তিনজন আহত হয়েছেন। আহতেরা হলেন কারারক্ষী মো. সেলিম (৩০) ও মো. জাফর (৩০) এবং শেরপুর পৌর শহরের নওহাটা এলাকার বাসিন্দা মো. বিশু মিয়া (৫০)। বৃহস্পতিবার রাতে জেলা কারাগার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ বিশু মিয়াকে আটক করেছে।

পুলিশ, কারা কর্তৃপক্ষ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, জেলা কারাগার সদরের দমদমা কালিগঞ্জ এলাকায় অবস্থিত। বৃহস্পতিবার রাত আটটার দিকে নওহাটা এলাকার ৮-১০ জন এলাকাবাসী কারাবিধি ভঙ্গ করে একজন আসামির সঙ্গে দেখা করতে কারাগারের প্রবেশ ফটকে আসেন। এ সময় কর্তব্যরত কারারক্ষীরা তাঁদের বাধা দেন এবং কারাগার এলাকা থেকে চলে যাওয়ার জন্য অনুরোধ জানান। কিন্তু তা অমান্য করে কারাগারের ভেতরে অনুপ্রবেশের চেষ্টা করেন তারা। এ সময় কারারক্ষী ও এলাকাবাসীর মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় কারারক্ষী সেলিম ও জাফর এবং এলাকাবাসী বিশু মিয়া আহত হন।
খবর পেয়ে শেরপুর সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

কারাধ্যক্ষ মো. ইসমাইল হোসেন প্রথম আলোকে বলেন, এ ঘটনার ব্যাপারে কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সদর থানার উপপরিদর্শক (এসআই) জীবন কৃষ্ণ দাস প্রথম আলোকে বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ বিশু মিয়াকে আটক করেছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।