শেরপুরে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর জেলা শহরের শেখহাটি এলাকা থেকে রনি আক্তার নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ পুলিশ গতকাল শনিবার উদ্ধার করেছে। একই দিন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার খাটিঙ্গা গ্রাম থেকে অজ্ঞাতনামা এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
শেরপুরে মারা যাওয়া রনি আক্তার (১২) শেখহাটি এলাকার চাতাল শ্রমিক মকবুল হোসেনের মেয়ে। গতকাল শনিবার দুপুরে সদর থানা-পুলিশ শেখহাটি এলাকার মকবুলের থাকার ঘর থেকে রনির লাশ উদ্ধার করে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল সকালে রনি আক্তার শেখহাটি বাজার থেকে ভাপা পিঠা কিনে এনে সকালের নাশতা করে। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। রনির বাবা মকবুল ফজরের নামাজের পরপরই চাতালে কাজ করতে চলে যান। রনির মা সুফিয়া বেগম তাঁর বাবার পাকুরিয়া গ্রামের বাড়িতে ছিলেন। গতকাল সকাল নয়টার দিকে প্রতিবেশী পারুল বেগম রনির খোঁজ নিতে মকবুলের ঘরে গিয়ে দরজা বন্ধ দেখতে পান। এ সময় তিনি (পারুল) দরজার ফাঁক দিয়ে ঘরের ধরনার বাঁশের সঙ্গে রনিকে ঝুলতে দেখেন। এ সময় পারুলের ডাক-চিৎকারে এলাকাবাসী ঘটনাস্থলে আসেন। পরে খবর পেয়ে দুপুর ১২টার দিকে সদর থানা-পুলিশ ঘটনাস্থলে এসে রনির ঝুলন্ত লাশ উদ্ধার করে।
শেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আনসার আলী বলেন, এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) দায়ের করা হয়েছে। সুরতহাল করার সময় রনির গলায় কালো দাগ দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি মুঠোফোন নিয়ে মকবুলের সঙ্গে অভিমান করে সে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের ধরনার বাঁশের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তার লাশ শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকালে উপজেলার খাটিঙ্গা গ্রামের একটি খালের পাশে এক ব্যক্তির (৩৫) গলাকাটা লাশ দেখতে পায় স্থানীয় ব্যক্তিরা। পরে তাঁরা নাসিরনগর থানা-পুলিশকে খবর দেন। খবর পেয়ে গতকাল সকাল পৌনে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠায়। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফা কালাল পাশা জানান, গতকাল বিকেল সাড়ে চারটা পর্যন্ত অজ্ঞাত ওই ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি।