শেরপুরে গরুবোঝাই ট্রাক ছিনতাই
বগুড়ার শেরপুর মহাসড়কে অবরোধ সৃষ্টি করে গরুবোঝাই ট্রাক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাতে ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগা বটতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
গতকাল শনিবার ঢাকার সূত্রাপুর এলাকায় ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে শেরপুর থানা সূত্রে জানা গেছে।
ট্রাকটির চালক দিনাজপুরের ফকিরপাড়া গ্রামের মমিনুল ইসলাম (২৬) বলেন, শুক্রবার রাতে তিনি দিনাজপুরের ফুলবাড়ী থানার আমবাড়ী হাট থেকে ২৪টি গরু ট্রাকে করে ঢাকার গাবতলীতে যাচ্ছিলেন। ট্রাকে তাঁর সহকারী, দুজন গরু ব্যবসায়ী ও একজন রাখাল ছিলেন। রাত দেড়টায় ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগা বটতলা বাজার এলাকায় একটি ট্রাক রেখে তাঁদের ট্রাক থামানো হয়। ওই ট্রাক থেকে ১৫-১৬ জন রামদা, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে হামলা করে। ট্রাক থেকে জোর করে নামিয়ে তাঁদের মারধর করা হয়। পরে মহাসড়ক থেকে নিচে নামিয়ে প্রায় ৩০০ গজ দূরে ধানখেতের মধ্যে হাত-পা বেঁধে ফেলে রাখে। ৮-১০ জন তাঁদের পাহারা দিচ্ছিল। বাকি দুর্বৃত্তরা ট্রাক নিয়ে সিরাজগঞ্জের দিকে চলে যায়।
মমিনুল ইসলাম বলেন, পাহারারত দুর্বৃত্তরা তাঁদের কাছ থেকে তিনটি মুঠোফোনসহ ৩ হাজার ৬০০ টাকা ছিনিয়ে নেয়। দুর্বৃত্তদের বয়স ২৫-৩০ বছরের মধ্যে। তারা সবাই বগুড়া ও সিরাজগঞ্জের আঞ্চলিক ভাষায় কথা বলছিল। ভোর সাড়ে চারটায় তারা চলে যায়। এরপর তারা একে অপরের বাঁধন খুলে মহাসড়কের ওপর উঠে আসেন। এ ঘটনা শেরপুর থানায় গিয়ে পুলিশকে জানানো হয়।
গরু ব্যবসায়ী কুষ্টিয়ার মিরপুরের মো. ঠান্ডু (৪৫) বলেন, ‘দীর্ঘদিন ধরে গরুর ব্যবসা করছি। ২৪টি গরু কিনে ঢাকার গাবতলীতে যাচ্ছিলাম। গরুগুলোর মূল্য ১২ লাখ ৪৫ হাজার টাকা। দুর্বৃত্তদের মারধরে সবাই কমবেশি আহত হয়েছেন।’
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) শামসুজ্জোহা বলেন, গতকাল দুপুর ১২টায় ওই ট্রাকটি ঢাকার সূত্রাপুর এলাকায় পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান গতকাল রাত নয়টার দিকে বলেন, এ ঘটনায় এক গরু ব্যবসায়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। লুট করে নেওয়া গরু উদ্ধারে পদক্ষেপ নেওয়া হয়েছে।