শেরপুরে গারো পাহাড়ের গর্তে ড্রামবোঝাই অস্ত্র, গোলাবারুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড় এলাকায় গতকাল সোমবার অভিযান চালিয়ে ড্রামবোঝাই বিপুলসংখ্যক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)। পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা কালাপানি চ্যাংবের টিলা এলাকায় গত রোববার রাত দুইটা থেকে গতকাল সোমবার বেলা সাড়ে তিনটা পর্যন্ত এই অভিযান চালানো হয়।
র্যা ব-৫ ও র্যা ব সদর দপ্তরের অভিযানে ভারী মেশিনগান ও সাবমেশিনগানের ৪৩ হাজার গোলাবারুদ, বিমানবিধ্বংসী অস্ত্রের আড়াই হাজার গোলাবারুদ, বিমানবিধ্বংসী অস্ত্রের দুটি ব্যারেল, ৭.৬২ মিলিমিটারের দুটি পিস্তল ও এর গুলি, একটি বিমানবিধ্বংসী অস্ত্রের বেইজ, দুটি স্নাইপার রাইফেল, টেলিস্কোপ পাঁচটি, দুটি ভারী মেশিনগান, ভারী মেশিনগানের পাঁচটি ব্যারেল, একটি সাবমেশিনগান, বিভিন্ন অস্ত্রের ১৯টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ ছাড়া ১১টি ওয়াকিটকিসহ যোগাযোগের সরঞ্জাম উদ্ধার করেছে র্যা ব।
র্যা বের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান গতকাল বিকেলে সাংবাদিকদের বলেন, চ্যাংবের টিলার চারটি স্থানে গর্তের মধ্যে চারটি ড্রামের ভেতরে আলাদা আলাদা টিনের বাক্সে অস্ত্র ও গোলাবারুদগুলো লুকানো ছিল।
মুফতি মাহমুদ খান বলেন, বরুঙ্গা-কালাপানি চ্যাংবের টিলার ওপর তিনটি স্থান থেকে ও টিলার ঢালে একটি স্থান থেকে ওই সব অস্ত্র ও গোলাবারুদ এবং সরঞ্জামগুলো উদ্ধার করা হয়। চার ফুট দীর্ঘ ও তিন ফুট প্রশস্ত গর্তে নীল রঙের পলিথিনে মোড়ানো অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়। তিনি বলেন, অস্ত্র-গোলাবারুদগুলো নতুন ও কার্যকর রয়েছে।
অস্ত্র উদ্ধারের স্থানটি ভারতের মেঘালয় রাজ্যের সীমানার ৫০০ মিটার দূরে। এর চারদিকে টিলাঘেরা বলে জানান এলাকাবাসী। সাধারণত রাখাল ছাড়া কেউ ওই পাহাড়ে চলাচল করে না।
র্যা বের গোয়েন্দা শাখার পরিচালক আবুল কালাম আজাদ বলেন, উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদগুলো মূলত চীন ও রাশিয়ায় তৈরি এবং উচ্চক্ষমতাসম্পন্ন। আইন ও গণমাধ্যম শাখার উপপরিচালক মেজর রুম্মান মাহমুদ প্রথম আলোকে বলেন, এগুলোর সঙ্গে হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যান থেকে ২০১৪ সালে উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের মিল রয়েছে।
একজন র্যা ব কর্মকর্তা বলেন, তাঁদের সন্দেহ ভারতীয় বিচ্ছিন্নতাবাদী কোনো সংগঠন বাংলাদেশ ত্যাগের আগে অস্ত্র ও গোলাবারুদগুলো লুকিয়ে রেখে গেছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, চ্যাংবের টিলার ঢালে ১২টি গারো পরিবার বাস করে। তাঁরা রোববার রাতে হইচই শুনতে পেয়ে ধারণা করেন হাতি আক্রমণ করেছে। এ সময় তাঁরা তিনটি গাড়ি দেখতে পান। ভোরে উঠে তাঁরা র্যা বকে অস্ত্র উদ্ধার করতে দেখেন।
পোড়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজাদ মিয়া বলেন, ‘একটা সময় শুনতাম এই পাহাড়ি এলাকায় উলফা যাতায়াত করত। সেখানে স্থানীয় ব্যক্তিদের যাতায়াত খুব কম। এভাবে এত গোলাবারুদ ও অস্ত্র উদ্ধারে আমরা আশ্চর্য হয়েছি।’
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফসিউর রহমান সন্ধ্যায় বলেন, ‘সকাল থেকেই উদ্ধারস্থলে ছিলাম। এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি।’
ভারত সীমান্তবর্তী ওই এলাকায় বিভিন্ন সময় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ঘটনা ঘটেছে। ২০০৭ সালের ১৩ সেপ্টেম্বর তৎকালীন বিডিআরের সদস্যরা শেরপুরের ঝিনাইগাতীর কাংশা ইউনিয়নের বাকাকুড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে মাটি খুঁড়ে ২৯ হাজার ১০০ গুলি উদ্ধার করেন। ওই সময় বিডিআর রাসেল সাংমা নামের এক যুবককে গ্রেপ্তার করে। তিনি নিজেকে ভারতের বিচ্ছিন্নতাবাদী একটি সংগঠনের সদস্য বলে দাবি করেন। পরে বিডিআর সদস্যরা ওই বছরের ১৬ ও ১৭ সেপ্টেম্বর ঝিনাইগাতীর পাহাড়ি এলাকা ঘেরাও করে আরও ১০ হাজার রাউন্ড গুলি উদ্ধার করেন।
২০১০ সালের ১৮ ডিসেম্বর বাকাকুড়া গ্রামের একটি পরিত্যক্ত ঘর থেকে পুলিশ চায়নিজ রাইফেলের ১৩ হাজার ৬৮০টি গুলি উদ্ধার করে। এর মাত্র এক সপ্তাহ পর বিজিবি সদস্যরা ওই গ্রামেরই গারো পাহাড়ের জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় সাতটি মাইন, একটি গ্রেনেড, ৯৭ রাউন্ড গুলি, ভারতীয় রুপি, মোবাইল ফোন সেট, সিম, ভিডিও সিডি, ওয়াকিটকি, মেশিনগানের গুলি রাখার বেল্ট এবং ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন সংযুক্ত মুক্তিবাহিনী অসমর (উলফা) বিপুল পরিমাণ সাংগঠনিক কাগজপত্র উদ্ধার করেন।