শেরপুরে গৃহবধূকে নির্যাতনের মামলায় একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর সদরের ভাতশালা ইউনিয়নের সাপমারি গ্রামে এক গৃহবধূকে নির্যাতনের মামলায় এজাহারভুক্ত আসামি মিন্টু মিয়াকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

জামালপুর শহরের মাহিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে থেকে গতকাল বুধবার র‌্যাব-১৪-এর সদস্যরা তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁকে সদর থানায় হস্তান্তর করা হয়।

মিন্টু জামালপুরের বন্দেরভিটা গ্রামের নওয়াব আলীর ছেলে এবং ওই গৃহবধূর ভাবির ছোট ভাই।

 নারী ও শিশু নির্যাতন দমন আইনে গত সোমবার নির্যাতনের শিকার ওই গৃহবধূ শেরপুর সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় চারজনকে আসামি করা হয়।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম জানান, মিন্টুকে পুলিশি হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। মামলাটি তদন্তের পাশাপাশি অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গত শুক্রবার বিকেলে সাপমারি গ্রামেপারিবারিক কোন্দলের ঘটনায় একটি সালিস বৈঠক হয়। ওই বৈঠকে কথা-কাটাকাটি ও বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে ওই গৃহবধূর ভাবি ও তাঁর আত্মীয়স্বজন তাঁকে (গৃহবধূকে) শারীরিকভাবে নির্যাতন করেন। এ সময় তাঁর কাপড় টেনেহিঁচড়ে ছিঁড়ে ফেলা হয়। পরে তাঁকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়। 

এ ব্যাপারে গত মঙ্গলবার ‘শেরপুরে সালিস বৈঠকে গৃহবধূকে নির্যাতন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।