শেরপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ
শেরপুরের নকলা উপজেলায় মালেকা বেগম (৩৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে শেরপুর জেলা হাসপাতালের মর্গে মালেকার লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
মালেকা উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের রেহাই অষ্টধর সিকদারপাড়া গ্রামের বেলায়েত হোসেনের স্ত্রী। এ ঘটনার পর থেকে মালেকার স্বামী ও শাশুড়ি পলাতক। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নকলা থানার পুলিশ স্বামীর বাড়ি থেকে মালেকার লাশ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৫ বছর আগে রেহাই অষ্টধর সিকদারপাড়া গ্রামের বেলায়েত হোসেনের সঙ্গে নকলা পৌর শহরের কলাপাড়া এলাকার মালেকা বেগমের বিয়ে হয়। এই দম্পতির দুই ছেলে রয়েছে। বেশ কিছুদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে স্বামী বেলায়েতের সঙ্গে মালেকার দ্বন্দ্ব চলে আসছিল। গতকাল বৃহস্পতিবার বিকেলে মালেকার বড় ছেলে মাজহারুল ইসলাম (১৪) বাড়ি ফিরে ঘরে তার মায়ের ঝুলন্ত লাশ দেখতে পায়। সংবাদ পেয়ে চন্দ্রকোনা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মালেকার স্বামী বেলায়েত ও শাশুড়ি ছবিলা বেওয়া পালিয়ে যান। সন্ধ্যায় মালেকার লাশ উদ্ধার করে জেলা হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
চন্দ্রকোনা তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) জহুর আলী আজ শুক্রবার বিকেলে প্রথম আলোকে বলেন, ‘এ ঘটনায় লেকার সৎমা পারভিন বেগম বাদী হয়ে নকলা থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন। সুরতহাল প্রতিবেদনে মালেকার গলায় কালো চিহ্ন দেখা গেছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে আজ লাশের ময়নাতদন্ত করা হয়েছে।’
শেরপুরের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার খন্দকার লাবনী আজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি প্রথম আলোক বলেন, মালেকার মৃত্যু হত্যা না আত্মহত্যা, সেটি ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে এবং তখন আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।