শেরপুরে গৃহবধূর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর সদর উপজেলায় গতকাল বৃহস্পতিবার রেহানা বেগম (২০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রেহানা সদর উপজেলার গাজীর খামার ইউনিয়নের কাওয়াবিচি গ্রামের আবদুল মান্নানের মেয়ে ও নালিতাবাড়ীর কলসপাড় ইউনিয়নের নাকশি গ্রামের মঞ্জুরুল ইসলামের স্ত্রী।
পুলিশের ধারণা, পারিবারিক কলহের জের ধরে রেহানাকে হত্যা করা হতে পারে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, এক বছর আগে নাকশি গ্রামের সালাম সরকারের ছেলে মঞ্জুরুল ইসলামের সঙ্গে রেহানার বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকসহ বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। কিছুদিন আগে রেহানাকে মঞ্জুরুল তালাকের (ডিভোর্স) নোটিশ পাঠান। এরপর রেহানা তাঁর বাবার বাড়িতে অবস্থান করছিলেন। গতকাল ভোর থেকে রেহানার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সকাল ১০টার দিকে রেহানার আত্মীয়স্বজন জানতে পারেন, সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের সানকিভাঙ্গা অলরাউন্ডার একাডেমি মাঠে এক নারীর লাশ পড়ে আছে। পরে তাঁরা (রেহানার আত্মীয়স্বজন) ঘটনাস্থলে গিয়ে দেখেন, সেটি রেহানার লাশ। খবর পেয়ে দুপুর ১২টার দিকে রেহানার লাশ উদ্ধার করে পুলিশ। পরে বিকেলে শেরপুর জেলা হাসপাতালের মর্গে তাঁর লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়।
রেহানার মা হাদিলা বেগম অভিযোগ করেন, শ্বশুরবাড়ির লোকজন তাঁর মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ওই একাডেমির মাঠে ফেলে রেখেছে।
এ ব্যাপারে সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে জানান, এ ঘটনায় গতকাল সন্ধ্যায় সদর থানায় হাদিলা বেগম বাদী হয়ে মঞ্জুরুল ইসলামকে প্রধান আসামি করে নয়জনের নামে একটি হত্যা মামলা করেছেন। রেহানার গলায় ওড়না দিয়ে প্যাঁচানো ছিল ও গলায় কালো দাগ দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রেহানাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।