শেরপুরে গোপন বৈঠক থেকে ছয় শিবির কর্মী আটক
বগুড়ার শেরপুরে গোপন বৈঠক চলাকালে ছয়জন শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় স্থানীয় সেটকম এগ্রো প্রোসেসিং পার্কের ভেতর থেকে পুলিশ তাঁদের আটক করে। এ সময় শিবির কর্মীদের ছয়টি মোটরসাইকেল জব্দ করা হয়।
আটক ছয়জন হলেন বগুড়ার সারিয়াকান্দি উপজেলার পাইকরতলী গ্রামের শহিদুল ইসলামের ছেলে নাজমুল হক (২১), নন্দীগ্রাম উপজেলার নিনগ্রামের ফজলুর রহমানের ছেলে মনিরুল ইসলাম (১৮), ধুনট উপজেলার চর খুকশিয়া গ্রামের ইউনুস আলীর ছেলে আসলাম শেখ (২০), শেরপুর উপজেলার কলতাপাড়া গ্রামের শাজাহান আলীর ছেলে মো. শাহাদত (১৮), ফুলতলা গ্রামের জহুরুল ইসলামের ছেলে নাহিদ হাসান (২০) ও বোয়ালমারি গ্রামের আবদুল হাইয়ের ছেলে মাসুদ রানা (১৮)।
শেরপুর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) শামসুজ্জোহা বলেন, আটকের পর আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটা পর্যন্ত তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে আটক হওয়া ব্যক্তিরা বলেছেন, তাঁদের এই গোপন বৈঠকে বগুড়ার সারিয়াকান্দি, ধুনট, গাবতলী, শাজাহানপুর, শেরপুর ও নন্দীগ্রাম থানার ছাত্রশিবিরের নেতা-কর্মীরা উপস্থিত হয়েছিলেন। এ সময় আরও অনেক তথ্য তাঁরা পুলিশকে জানিয়েছেন।
ওই পার্কে আসা দুজন দর্শনার্থী বলেন, বৃহস্পতিবার সকাল ১০টায় পার্কের ভেতরে একটি কক্ষ ও কক্ষের সামনে শতাধিক যুবক উপস্থিত হলে মিটিং শুরু হয়। এ সময় তাঁরা একে অপরের সঙ্গে কথা বলতে দেখেছেন।
সেটকম এগ্রো প্রোসেসিং পার্কের ব্যবস্থাপক মোজাফ্ফর হোসেন বলেন, গতকাল বুধবার সন্ধ্যায় আবদুল আলীম নামের এক ব্যক্তি বগুড়ার ব্রিলিয়ান্ট ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনীর কথা বলে তাঁদের পার্কের একটি কক্ষ ভাড়া নেন। এই অনুষ্ঠানে ওই ফাউন্ডেশনের ৮০ জন কর্মীর উপস্থিত থাকার কথা ছিল। সকাল থেকেই তাঁরা পার্কের ভেতরে আসতে শুরু করেন।
মোজাফ্ফর হোসেন আরও বলেন, শেরপুর থানা-পুলিশের একজন সদস্য সাদাপোশাকে ওই কক্ষের পাশে উপস্থিত হলে এই ঈদ পুনর্মিলনীতে যোগ দেওয়া অনেকেই পালিয়ে যেতে থাকেন। এ সময় দ্রুত থানা থেকে আরও পোশাকধারী পুলিশ পার্কের ভেতরে এলে পালিয়ে যাওয়ার সময় ওই ছয়জনকে আটক করে থানায় নেওয়া হয়। পালিয়ে যাওয়া ব্যক্তিদের ছয়টি মোটরসাইকেল পুলিশ থানায় নিয়ে যায়।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান বলেন, বগুড়া জেলা ছাত্রশিবিরের আয়োজনে নাশকতার উদ্দেশ্যেই এই গোপন বৈঠক চলছিল। আটক সবাই ছাত্রশিবিরের কর্মী। বৈঠকে ছাত্রশিবিরের এক কেন্দ্রীয় নেতার উপস্থিত থাকার কথা ছিল। এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।