শেরপুরে গ্রেনেডসহ দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা থেকে একটি পিস্তল, একটি গ্রেনেড ও গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের সীমান্তঘেঁষা বড় গজনী এলাকা থেকে গ্রেপ্তার করা দুজন হলেন সৃষ্ট মারাক (৪০) ও অনুকূল সাংমা ওরফে চাম্বু কবিরাজ (৫৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল গতকাল রোববার সকাল ১০টার দিকে গারো পাহাড়ের বড় গজনী এলাকায় সৃষ্ট মারাকের বাড়িতে অভিযান চালায়। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজার রহমানের নেতৃত্বে অভিযানের সময় সৃষ্ট মারাকের বাড়ি থেকে পুলিশ একটি পিস্তল, একটি গ্রেনেড, পাঁচটি পিস্তলের গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করে। পরে পুলিশ সৃষ্ট মারাক ও তাঁর সহযোগী অনুকূল সাংমাকে গ্রেপ্তার করে।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল ওয়ারিশ গতকাল প্রথম আলোকে বলেন, এ ঘটনায় ডিবি পুলিশের এসআই মো. সজীব খান বাদী হয়ে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে ঝিনাইগাতী থানায় মামলা করেছেন।
নাটোরে গ্রেপ্তার আনসারুল্লাহ সদস্য: নাটোর প্রতিনিধি জানান, সিংড়ায় গোপন বৈঠকের সময় মিজানুর রহমান (৩২) নামের আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্যকে গ্রেপ্তার করেছে সিংড়া থানার পুলিশ। তাঁর কাছ থেকে একটি ল্যাপটপ, তিনটি জিহাদি বইসহ ১৩টি আলামত জব্দ করা হয়। এ ব্যাপারে সন্ত্রাসবিরোধী আইনে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। পাঁচ দিনের রিমান্ড চেয়ে গতকাল বিকেলে তাঁকে আদালতে হাজির করা হলে আদালত তাঁকে জেলহাজতে পাঠান।