শেরপুরে চাকরি দেওয়ার নামে প্রতারণা
বগুড়ার শেরপুরে একটি বেসরকারি প্রতিষ্ঠান বিদ্যালয়ে শিক্ষক ও সুপারভাইজার নিয়োগ দেওয়ার নামে ৩৮ জনের কাছ থেকে প্রায় পাঁচ লাখ টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা কার্যালয়ে তালা দিয়ে উধাও হয়ে গেছেন।
ভুক্তভোগী কয়েকজন অভিযোগ করেন, বগুড়ার মাহবুব ইন্টারন্যাশনাল বিল লিমিটেড (এমআইবিএল) কোম্পানি একটি প্রকল্পের অধীনে শেরপুর উপজেলায় ২৭টি আলোর দিশারী মডেল কেজি স্কুলের কার্যক্রম গত বছরের আগস্ট মাস থেকে শুরু করে। প্রতিটি বিদ্যালয়ে একজন করে মোট ২৭ জন শিক্ষক ও বিদ্যালয়গুলোর কার্যক্রম তদারকির জন্য ১১ জন সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়। শিক্ষকের বেতন প্রতি মাসে পাঁচ হাজার ও সুপারভাইজারের বেতন সাত হাজার টাকা ধরা হয়। নিয়োগ দিয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা স্কুলটির উপজেলা ব্যবস্থাপকের মাধ্যমে প্রত্যেক শিক্ষকের কাছ থেকে পাঁচ হাজার ও সুপারভাইজারের কাছ থেকে ১০ হাজার টাকা জামানত নেন। কিন্তু এক মাস বেতন দেওয়ার পর থেকে কর্মকর্তারা বেতন বন্ধ করে দিয়েছেন। এমনকি তাঁদের কাছ থেকে নেওয়া জামানতের মোট ২ লাখ ৪৫ হাজার টাকা পরিশোধ না করে উপজেলা কার্যালয় তালাবদ্ধ করে রেখেছেন।
বিদ্যালয়গুলোর উপজেলা ব্যবস্থাপক কামাল হোসেন বলেন, তাঁকে প্রতি মাসে ১১ হাজার টাকা করে বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু এখন পর্যন্ত তাঁকে বেতন দেওয়া হয়নি। তিনি তাঁরসহ শিক্ষক ও সুপারভাইজারদের জামানতের ২ লাখ ৪৪ হাজার টাকা এবং গত বছরের ডিসেম্বর পর্যন্ত বেতনের ২ লাখ ৪৪ হাজার টাকা পরিশোধের জন্য একাধিকবার বগুড়ায় প্রকল্পের চেয়ারম্যান নূরুল ইসলাম ও মাহবুব ইন্টারন্যাশনাল বিল লিমিটেড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমানের সঙ্গে যোগাযোগ করেছেন। কিন্তু কোনো ফল পাননি।
উপজেলার মির্জাপুর ইউনিয়নের সুপারভাইজার মোছা. তানজিনা খাতুন জানান, বেকারত্ব দূর করতে তিনি চাকরি নিয়ে প্রতারণার শিকার হয়েছেন। উপজেলার খোট্টাপাড়ার আলোর দিশারী মডেল কেজি স্কুলের শিক্ষিকা রোকেয়া পারভীন বলেন, জানুয়ারি মাস থেকে উপজেলা কার্যালয় তালাবদ্ধ করে কর্মকর্তারা উধাও হয়ে গেছেন।
বগুড়ার মাহবুব ইন্টারন্যাশনাল বিল লিমিটেড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান ও হি-ড্যাপ প্রকল্পের চেয়ারম্যান নূরুল ইসলামের সঙ্গে গত ৩১ জানুয়ারি মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়েছে। কিন্তু মুঠোফোন বন্ধ থাকায় তাঁদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সারোয়ার জাহান বলেন, এ ঘটনা নিয়ে তাঁর দপ্তরে লিখিত অভিযোগ পেলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।