শেরপুরে চালকল থেকে ৩০০ বস্তা চাল লুট
বগুড়ার শেরপুর উপজেলার মোহনা চালকল থেকে দুর্বৃত্তরা ৩০০ বস্তা চাল লুট করে নিয়ে গেছে। ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে উপজেলার ধড়মোকাম এলাকায় গতকাল সোমবার ভোর সোয়া চারটার দিকে এ ঘটনা ঘটে।
ওই চালকলের নৈশপ্রহরী হোসেন আলী (৫০) জানান, ১২-১৫ জন দুর্বৃত্ত চালকলের তালা ভেঙে ভেতরে ঢোকে। তালা ভাঙার শব্দে তিনি এগিয়ে গেলে দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর তিনি ও চালকলের ভেতরে থাকা আরও পাঁচজন শ্রমিককে হাত-পা ও মুখ বেঁধে একটি ঘরের মধ্যে আটকে রাখে। এরপর দুর্বৃত্তরা একটি ট্রাকে ৩০০ বস্তা পাইজাম চাল তুলে নিয়ে যায়।
চালকলের মালিক আবদুল কুদ্দুস দাবি করেন, প্রতিটি বস্তায় ৫০ কেজি করে চাল ছিল। লুট করে নেওয়া চালের বর্তমান বাজারমূল্য প্রায় ছয় লাখ টাকা। চালগুলো ঢাকায় পাঠানোর কথা ছিল। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।
এ ব্যাপারে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই চালকলের নৈশপ্রহরীসহ ১১ জন শ্রমিককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।