শেরপুরে ছাত্রকে পেটানোর অভিযোগে শিক্ষককে প্রত্যাহার
সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে হাবিবুর রহমান (১৩) নামে এক স্কুলছাত্রকে পিটিয়ে জখম করেছেন এক শিক্ষক। গতকাল সোমবার শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমির নামে একটি বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এই ঘটনায় ওই শিক্ষককে প্রত্যাহার করা হয়েছে।
হাবিবুর শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমির সপ্তম শ্রেণির শিক্ষার্থী এবং সদর উপজেলার পাকুরিয়া গ্রামের মৃত আলহাজ উদ্দিন ও হামিদা বেগমের ছেলে। তাঁকে শেরপুর জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
অভিযুক্ত শিক্ষকের নাম পার্থ দত্ত। পার্থ শেরপুর জেলা শহরের নারায়ণপুর এলাকার বাসিন্দা। ন্যাশনাল সার্ভিসের আওতায় তাঁকে ওই বিদ্যালয়ে কম্পিউটার অপারেটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে সপ্তম শ্রেণির বিজ্ঞান ক্লাস চলাকালে ক্লাসে দুষ্টুমি করার অভিযোগ তুলে পার্থ দত্ত স্টিলের স্কেল দিয়ে হাবিবুরকে পিটিয়ে জখম করেন। খবর পেয়ে তার চাচা সারোয়ার জাহান বিদ্যালয়ে যান এবং বিষয়টি প্রধান শিক্ষক রায়হানা আক্তারকে জানান। পরে অন্য শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ থেকে বের হয়ে এসে বিক্ষোভ প্রদর্শন ও অভিযুক্ত শিক্ষকের শাস্তি দাবি করে। একপর্যায়ে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক এ এম পারভেজ রহিমকে বিষয়টি জানায়। জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে ওই শিক্ষককে প্রত্যাহার করে নেওয়ার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষিককে নির্দেশ দেন।
পার্থ দত্ত প্রথম আলোকে বলেন, ‘হাবিবুর লেখাপড়ায় অমনোযোগী ছিল এবং পাঠদানকালে অন্য শিক্ষার্থীদের সঙ্গে দুষ্টুমি করছিল। তাই স্কেল দিয়ে তাকে শাসন করেছিলাম। এটি আমার ভুল হয়েছে এবং এ জন্য আমি দুঃখিত।’
প্রধান শিক্ষক রায়হানা আক্তার বলেন, ডিসির নির্দেশে খণ্ডকালীন নিয়োগ পাওয়া শিক্ষক পার্থ দত্তকে দ্রুত প্রত্যাহারের জন্য যুব উন্নয়ন অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে।
জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক হারুন অর রশিদ বলেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের চিঠির পরিপ্রেক্ষিতে পার্থকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।