শেরপুরে ছাত্রদলের নেতা ও শিবির কর্মী গ্রেপ্তার
বগুড়ার শেরপুর উপজেলার চণ্ডীজান গ্রামে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানস্থলে অগ্নিসংযোগ করার অভিযোগে ছাত্রদলের এক নেতা ও শিবিরের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার মামলা হয়েছে।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন উপজেলার খামারকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম ওরফে তোহা (২২) এবং শিবিরের কর্মী ফরহাদ হোসেন (১৯)। তাঁদের গতকাল আদালতে পাঠানো হয়েছে।
অনুষ্ঠান আয়োজক কমিটির সভাপতি বিজয় কুমার দাস বলেন, প্রতিবছরের মতো এ বছরও রাধাগোবিন্দ মন্দির চত্বরে চার দিনব্যাপী ধর্মীয় হরিবাসর অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগামী শনিবার ভোররাত পর্যন্ত এটি চলবে। গত সোমবার সন্ধ্যায় মন্দির চত্বরে অনুষ্ঠান প্রস্তুতির কাজ শেষ হয়। গভীর রাতে তাঁরা দেখতে পান তাঁদের অনুষ্ঠানস্থলের কাপড়, বস্তার চট, খড় ও আটচালার টিন পুড়ে গেছে। এ সময় গ্রামের সড়ক দিয়ে দৌড়ে পালানো অবস্থায় এলাকাবাসী উল্লিখিত দুজনকে আটক করে থানায় সোপর্দ করে।
আয়োজক কমিটির সাধারণ সম্পাদক শ্যামল কুমার দাস বলেন, আগুনে তাঁদের কমপক্ষে ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে। অভিযোগ অস্বীকার করে আবদুল কাইয়ুম ও ফরহাদ হোসেন বলেন, আগুন দেওয়ার ঘটনার সঙ্গে তাঁরা জড়িত নন।