শেরপুরে ছাত্রশিবির নেতা গ্রেপ্তার, পাঁচটি ককটেল উদ্ধার
বগুড়ায় সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে জেলা পূর্ব শাখার ছাত্রশিবির সভাপতি আবদুল আলিমকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে শেরপুর উপজেলার খন্দকারটোলা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আবদুল আলিমের বাড়ি ধুনট উপজেলার হাসাপটল গ্রামে। শেরপুর থানা-পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে খন্দকারটোলা গ্রামে একটি মাজারের পাশে নাশকতার উদ্দেশ্যে সমবেত হয়েছিলেন জামায়াত-শিবিরের ৭০-৭৫ জন নেতা-কর্মী। এ সময় পুলিশের অভিযানে আটক হন আবদুল আলিম। সেখান থেকে আটটি জিহাদি বইসহ পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে।
ওই রাতে থানা-পুলিশের পক্ষ থেকে আবদুল আলিমকে প্রধান আসামি করে মামলা করা হয়। মামলায় বগুড়া জেলা ছাত্রশিবির ও জামায়াতের ২৭ জন এবং অজ্ঞাতনামা আরও ৫০-৫২ জনকে আসামি করা হয়েছে।
আসামিদের মধ্যে রয়েছেন শেরপুর উপজেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য আবুল কালাম আজাদ, ধুনট উপজেলা জামায়াতের সাবেক আমির রেজাউল করিম, জেলা ছাত্রশিবিরের পশ্চিম শাখার সভাপতি জাকিরুল ইসলাম, জেলা ছাত্রশিবিরের পূর্ব শাখার সেক্রেটারি শেরপুরের নিশিন্ধারা গ্রামের সাখাওয়াত হোসেন (২৫)।