শেরপুরে জাল নোটসহ আটজন গ্রেপ্তার
শেরপুরে গতকাল রোববার জাল নোটসহ আটজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শেরপুর সদর ও ঝিনাইগাতী উপজেলায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শেরপুর সদর উপজেলার নৌহাটা এলাকার ফাহিম মিয়া (২২) ও মো. তজু মিয়া (৩৪), সজবরখিলা এলাকার যুবরাজ হোসেন (৩৩), ইলিয়াছ কাঞ্চন (৫৪), পার্থ বিশ্বাস (২০), বিশু বাসফোড় (২৪), মো. মাসুদ (২৩) ও লিটন বিশ্বাস (২২)। গতকাল আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র ঝিনাইগাতীর সীমান্তবর্তী এলাকায় জাল টাকা তৈরি ও বাজারজাত করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ফজলে এলাহির নেতৃত্বে একটি দল ভোরে উপজেলার ধানশাইল বাজারে অভিযান চালায়। বাজারের একটি দোকানের সামনের সড়কে জাল নোটসহ ফাহিম মিয়াকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছে ১ হাজার টাকার ৫২টি জাল নোট পাওয়া যায়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সদর উপজেলা থেকে আরও সাতজনকে গ্রেপ্তার করে। ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বলেন, গ্রেপ্তার তিনজনের কাছ থেকে ২ লাখ ৫২ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়েছে। এ ব্যাপারে ডিবি পুলিশের এসআই মো. ফজলে এলাহি বাদী হয়ে ঝিনাইগাতী থানায় একটি মামলা করেছেন।