শেরপুরে ঢাকাগামী যাত্রীরা দিচ্ছে বাড়তি ভাড়া
পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে শেরপুর থেকে ঢাকাগামী বাসযাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এতে যাত্রীরা বিপাকে পড়েছে।
জেলা বাস-কোচ মালিক সমিতি সূত্রে জানা গেছে, শেরপুর-ময়মনসিংহ-ঢাকা রুটে চলাচলকারী বিশেষ সার্ভিস সোনার বাংলা পরিবহনের স্বাভাবিক সময়ের ভাড়া ৩০০ টাকা। এ ছাড়া বিভিন্ন পরিবহন কোম্পানির এসি ও নন-এসি নৈশকোচগুলোর ভাড়া যথাক্রমে ৪০০ ও ৩০০ টাকা। কিন্তু ঈদুল আজহার পর মালিক সমিতির পক্ষ থেকে এসব পরিবহনের ভাড়া ২০০ টাকা বাড়ানো হয়। ঈদের পরদিন থেকে প্রায় তিন-চার হাজার যাত্রী এখান থেকে প্রতি দিন ঢাকা যাচ্ছে।
গত বৃহস্পতিবার দুপুরে শেরপুর জেলা শহরের গৌরীপুর এলাকার পৌর বাস টার্মিনালে গিয়ে বিভিন্ন পরিবহনের টিকিট কাউন্টারে অতিরিক্ত দামে টিকিট বিক্রি করতে দেখা গেছে। এ সময় ঢাকাগামী সোনার বাংলা পরিবহনের যাত্রী শ্রীবরদী উপজেলা সদরের নূরুল হক বলেন, তাঁর কাছ থেকে নির্ধারিত ভাড়া ৩০০ টাকার পরিবর্তে ৫০০ টাকা নেওয়া হয়েছে। তিনি রাজধানী ঢাকার একটি চালের আড়তে কম বেতনে চাকরি করেন। ঢাকা থেকে আসার সময়ও বেশি ভাড়া দিয়েছেন। এখন আবার ফেরার সময় অতিরিক্ত ভাড়া দিচ্ছেন। ফলে আর্থিকভাবে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন।
সদর উপজেলার চরশেরপুর হেরুয়া গ্রামের পোশাককর্মী মো. আফজাল বলেন, তাঁর কাছ থেকে নৈশকোচের ভাড়া ৫৫০ টাকা নেওয়া হয়েছে।
বাংলা পরিবহন কাউন্টারের টিকিট ক্লার্ক মো. হুমায়ুন ও নৈশকোচ কাউন্টারের টিকিট ক্লার্ক করুণা মালাকার বলেন, বাস-কোচ মালিক সমিতির সিদ্ধান্তক্রমেই অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে।
এ বিষয়ে শেরপুর জেলা বাস-কোচ মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুজিত কুমার ঘোষ বলেন, শেরপুর থেকে ঢাকা যাওয়ার সময় বাসগুলোর সব আসনে যাত্রী থাকে। কিন্তু ঢাকা থেকে ১০-১২ জন যাত্রী অথবা প্রায় খালি অবস্থায় শেরপুরে ফিরতে হয়। তাই বাসমালিকদের ক্ষতি পুষিয়ে নিতে সাময়িকভাবে ভাড়া বাড়ানো হয়েছে।
জেলা প্রশাসক মল্লিক আনোয়ার হোসেন প্রথমআলোকে বলেন, সরকার-নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেওয়ার সুযোগ নেই। এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।