শেরপুরে তথ্যপ্রযুক্তি আইনে মামলা, সাংবাদিক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ক্লাবের ১১ জন কর্মকর্তা এবং স্থানীয় একটি পত্রিকার সম্পাদক সম্পর্কে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেওয়ার অভিযোগে গতকাল এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম ছামিদুল ইসলাম (৪৫)। তাঁকে শহরের বটতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ছামিদুলের বাড়ি সদর উপজেলার মুন্সিরচর গ্রামে। গতকালই তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি স্থানীয় একটি সাপ্তাহিক পত্রিকায় কাজ করেন।
ফেসবুকে প্রেসক্লাব কর্মকর্তাদের বিরুদ্ধে বিষোদ্গার করার প্রতিবাদে গতকাল বিকেলে শেরপুর প্রেসক্লাবে প্রতিবাদ সভাও হয়েছে। এতে ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম সভাপতিত্ব করেন।
পুলিশ ও প্রেসক্লাব সূত্রে জানা গেছে, শেরপুর প্রেসক্লাবের ১১ জন কর্মকর্তা ও স্থানীয় দৈনিক তথ্যধারার সম্পাদক জাহাঙ্গীর আলম খান সম্পর্কে ছামিদুল ইসলাম গত বৃহস্পতিবার ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেন। এ ছাড়া তিনি ‘রেড ওয়াইন’ নামে একটি ফেসবুক আইডি থেকে প্রেসক্লাবের কর্মকর্তাদের বিরুদ্ধে ইতিপূর্বে ছড়ানো স্ট্যাটাসও নিজের আইডি থেকে শেয়ার করে ছড়িয়ে দেন। এ অভিযোগে গতকাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাবিহা জামান বাদী হয়ে ছামিদুল ইসলামসহ অজ্ঞাত পাঁচ-ছয়জনের বিরুদ্ধে সদর থানায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে লিখিত অভিযোগ করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম বলেন, ফেসবুকে কটূক্তির অভিযোগে একটি মামলা করা হয়। ওই মামলায় ছামিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে।