শেরপুরে তিনটি ট্রান্সফরমার চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলার কচুয়াপাড়া গ্রামে একটি সেচ প্রকল্পের জন্য ব্যবহৃত ১০ কেভিএ (কিলোভোল্ট এম্পিয়ার) ধারণক্ষমতার তিনটি ট্রান্সফরমার চুরি করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
ওই প্রকল্পের আওতায় সুবিধাভোগী স্থানীয় তিনজন কৃষক বলেন, প্রায় পাঁচ বছর আগে কচুয়াপাড়া গ্রামে পল্লী বিদ্যুতের আওতায় বৈদ্যুতিক সংযোগ নেওয়া হয়। সেই থেকে প্রতিবছর আমন ও বোরো মৌসুমে প্রায় ৬০০ বিঘা জমিতে ধান চাষে ভূগর্ভস্থ পানি তুলে সেচকাজে সরবরাহ করা হতো। বরেন্দ্র প্রকল্প থেকে নিজস্বভাবে ট্রান্সফরমারগুলো কিনে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সেগুলো লোহার খাঁচায় রাখা ছিল। কিন্তু গতকাল সকালে কৃষকেরা খেতে এসে দেখেন ট্রান্সফরমারগুলো নেই। এগুলো বৈদ্যুতিক খুঁটি থেকে নামিয়ে খোল (বডি) ভেঙে ভেতর থেকে তামার তার নিয়ে গেছে দুর্বৃত্তরা।
বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি শেরপুর জোনাল কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. আবদুল্লাহ আল আমিন চৌধুরী বলেন, এই চুরির ঘটনা তিনি জানেন না।
কচুয়াপাড়া গ্রামের ওই বরেন্দ্র প্রকল্পের ব্যবস্থাপক মাসুদ রানা বলেন, বর্তমানে ফসলি খেতে সেচের প্রয়োজন নেই। এ জন্য ট্রান্সফরমারগুলো বৈদ্যুতিক খুঁটি থেকে নামিয়ে বাড়িতে রাখার জন্য পল্লী বিদ্যুৎ সমিতি শেরপুর জোনাল কার্যালয়ের মাধ্যমে গত মঙ্গলবার অনুমোদনপত্রও নিয়েছিল। শেরপুর জোনাল কার্যালয় থেকে পল্লী বিদ্যুতের লোকজন এসে চালু সংযোগ বিচ্ছিন্ন করে গতকাল ট্রান্সফরমারগুলো নামিয়ে দেওয়ার কথা ছিল। চুরি যাওয়া ট্রান্সফরমারের দাম ১ লাখ ৮০ হাজার টাকা।