শেরপুরে দুর্বৃত্তরা উপড়ে ফেলেছে কৃষকের আলুর গাছ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে চণ্ডেশ্বর গ্রামে কৃষক আনিসুর রহমানের চার বিঘা খেতের আলুগাছ দুর্বৃত্তরা উপড়ে ফেলেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক আনিসুর রহমান বলেন, চলতি মৌসুমে চার বিঘা জমিতে তিনি ৪৫ দিন আগে ডায়মন্ড জাতের আলুর চাষ করেন। গত বৃহস্পতিবার রাত নয়টার দিকেও তিনি আলুখেত দেখে বাড়িতে ফিরেছেন। গতকাল শুক্রবার সকাল ছয়টায় খেতে এসে দেখেন, পুরো খেতের আলুগাছ উপড়ে ফেলা হয়েছে। গাছগুলোতে আলুর গুটি এসে গিয়েছিল। চাষে তাঁর ব্যয় হয়েছিল ১ লাখ ২০ হাজার টাকা। এই জমি থেকে এ বছর কমপক্ষে আড়াই লাখ টাকা আয়ের আশা করছিলেন বলে জানান কৃষক আনিসুর।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বলেন, এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।