শেরপুরে ধর্মঘটে চিকিৎসকেরা, বাদীকে হুমকির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুল চিকিৎসার অভিযোগে গ্রেপ্তার ঢাকা মেডিকেলের চিকিৎ​সক শরীফুল ইসলামের মুক্তির দাবিতে আজ শুক্রবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করেছেন শেরপুরের চিকিৎসকেরা। আজ তাঁরা প্রাইভেট চেম্বারে কোনো রোগী দেখেননি। কোনো বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারও হয়নি। ফলে দূরদূরান্ত থেকে আসা রোগীরা চরম দুর্ভোগে পড়েছেন। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ‍) শেরপুর জেলা শাখা এ ধর্মঘটের ডাক দিয়েছে।

এদিকে মামলার বাদীকে মামলা প্রত্যাহার ও হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ওই নারীর স্বামী (বাদী) এ অভিযোগ করেন।

ভুক্তভোগী ওই নারী (৩০) শ্রীবরদীর ভূতনিকান্দা কাকিলাকুড়া গ্রামের বাসিন্দা। তিনি একটি বেসরকারি সংস্থার সেবিকা ছিলেন। গত ২৮ ডিসেম্বর এই নারীর স্বামী শেরপুর জেলা আমলি আদালতে দুই চিকিৎসকের বিরুদ্ধে একটি অভিযোগ দেন। পরে আদালতের নির্দেশে শ্রীবরদী থানার পুলিশ ৩ জানুয়ারি এটিকে মামলা হিসেবে গ্রহণ করে। মামলার অপর আসামি ময়মনসিংহের কমিউনিটি বেইজড মেডিকেল কলেজ হাসপাতালের (সিবিএমসিএইচ) প্যাথলজি বিভাগের অধ্যাপক ও কুণ্ডু প্যাথলজির মালিক কে কে কুণ্ডু।

মামলার এজাহারে বলা হয়েছে, ক্যানসার হয়েছে বলে অস্ত্রোপচারের মাধ্যমে স্তন কেটে ফেলা হলেও পরে বায়োপসি প্রতিবেদনে দেখা গেছে, তা ক্যানসার ছিল না। ছিল সাধারণ ফোড়াজনিত চাকা।

গ্রেপ্তার চিকিৎসক শরীফুল ইসলামের বাড়ি শ্রীবরদী উপজেলার খড়িয়াকাজিরচর ইউনিয়নের লঙ্গরপাড়া গ্রামে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের পরামর্শক সার্জন। প্রতি শুক্রবার তিনি শ্রীবরদী উপজেলা সদরের হাসপাতাল গেট এলাকায় অবস্থিত শা’ন ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখতেন।

বিএমএ শেরপুর জেলা শাখার সভাপতি এম এ বারেক আজ দুপুরে সদর হাসপাতালে অবস্থিত বিএমএ কার্যালয়ে সাংবাদিকদের কাছে দাবি করেন, ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটের পরামর্শক সার্জন শরীফুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা করা হয়েছে। হুইপ আতিউর রহমান, সরকারি কৌঁসুলি (পিপি) চন্দন কুমার পাল, বিএমএর নেতারা ও মামলার বাদীর উপস্থিতিতে মামলাটি আপসের জন্য বাদীকে আট লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। বাদী রাজিও হয়েছিলেন। কিন্তু পরবর্তী সময়ে তিনি আদালতে গিয়ে আপসের বিষয়টি অস্বীকার করেন। ফলে চিকিৎসক শরীফুল জামিন পাননি এবং তিনি কারাগারে আটক আছেন। তাই শরীফুলের মুক্তির দাবিতে শেরপুরের চিকিৎসকেরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছেন।

এম এ বারেক দাবি করেন, বর্তমানে শেরপুরের কোনো চিকিৎসক প্রাইভেট চেম্বারে রোগী দেখছেন না। তবে সরকারি হাসপাতালের চিকিৎসা কার্যক্রম ধর্মঘটের আওতামুক্ত। অবিলম্বে চিকিৎসক শরীফুলের জামিন না হলে তাঁরা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন।

এদিকে আজ দুপুরে শেরপুর প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ওই নারীর স্বামী অভিযোগ করেন, গত রোববার রাতে এবং সোমবার বিকেলে দুই দফায় জাতীয় সংসদের হুইপ মো. আতিউর রহমান, পিপি চন্দন কুমার পাল ও আওয়ামী লীগ নেত্রী নাসরিন রহমান তাঁকে হুইপের কার্যালয়ে ডেকে নিয়ে যান। এ সময় তাঁরা মামলা প্রত্যাহার ও আপস করার জন্য তাঁকে চাপ প্রয়োগ করেন। তিনি তাঁদের কথায় রাজি না হয়ে চিকিৎসক শরীফুলের বিচার দাবি করেন। এর পর তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদর্শন করা হয়। বর্তমানে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

হুইপ আতিউর রহমান ও পিপি চন্দন কুমার পাল বিদেশে অবস্থান করায় এ বিষয়ে মামলার বাদী সোলায়মানের অভিযোগ প্রসঙ্গে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে এম এ বারেক প্রথম আলোকে বলেন, হুইপ আতিউর বাদীকে মামলায় আপস করার জন্য অনুরোধ জানিয়েছিলেন। কোনো ধরনের হুমকি প্রদর্শন করেননি।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস আলম বলেন, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ২০ মে চিকিৎসক শরীফুল ইসলামকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি জেলা কারাগারে আটক রয়েছেন। আর মহাখালী ক্যানসার ইনস্টিটিউটে ওই নারীর প্যাথলজিক্যাল পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেলে বোঝা যাবে মামলার আসামি অপর চিকিৎসক ঘটনার সঙ্গে জড়িত কি না। জড়িত থাকলে তাঁকেও গ্রেপ্তার করা হবে।