শেরপুরে ধর্ষণে সহায়তা করায় একজন গ্রেপ্তার
শেরপুরের ঝিনাইগাতীতে মাদ্রাসাছাত্রীকে (১২) অপহরণের পর ধর্ষণে সহায়তা করার অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার পুলিশ তাঁকে ঝিনাইগাতী বাজারের এক আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত তরুণকে গতকাল বিকেলে শেরপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম সরকার হাসান শাহরিয়ার আদালতের নির্দেশে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ঝিনাইগাতীর দিঘিরপাড় গ্রামের এক তরুণ গত ১ অক্টোবর রাতে গ্রেপ্তার হওয়া তরুণসহ দুইজনের সহযোগিতায় ওই মাদ্রাসাছাত্রীকে অপহরণ করেন। এরপর তাকে এক আত্মীয়ের বাসায় আটকে রেখে ধর্ষণ করেন দিঘিরপাড় গ্রামের ওই তরুণ। পরদিন রাতে ঝিনাইগাতী থানা-পুলিশ ছাত্রীটিকে ওই বাড়ি থেকে উদ্ধার করে।
এ ঘটনায় ছাত্রীর বাবা ঝিনাইগাতী থানায় তিনজনের বিরুদ্ধে মামলা করেন। ৫ অক্টোবর ওই ছাত্রী শেরপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আ ন ম ইলিয়াসের আদালতে জবানবন্দি দেয়। ওই দিনই শেরপুর জেলা সদর হাসপাতালে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়।
ঝিনাইগাতী থানার ওসি মিজানুর রহমান গতকাল বিকেলে বলেন, ওই ছাত্রীর দেওয়া জবানবন্দির ভিত্তিতে ওই তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
৬ অক্টোবর প্রথম আলোয় ‘মাদ্রাসাছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।